এশিয়ান দাবার ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের কেবল জিয়ার জয়
এশিয়ান কন্টিনেন্টাল দাবার ষষ্ঠ রাউন্ডে বাংলাদেশের চার দাবাড়ুর মধ্যে কেবল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান জিতেছেন। বাকি তিন জনই হেরেছেন।
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে শুক্রবার উন্মুক্ত বিভাগে কিরগিজস্তানের ফিদে মাস্টার সেমেতেই তোলোগন্তেজিনকে হারানো জিয়া ষষ্ঠ রাউন্ড শেষে ৩.৫ পয়েন্ট নিয়ে ২৯তম অবস্থানে আছেন।
উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার জাহোঙ্গির ভাখিদোভের কাছে হেরেছেন গ্র্র্যান্ডমাস্টার এনামুল হোসেন। বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব হেরেছেন ভারতের গ্র্যান্ডমাস্টার হাম্পি কোনেরুর কাছে।
ষষ্ঠ রাউন্ড শেষে এনামুল ও রাকিব দুজনেরই পয়েন্ট ৩।
মেয়েদের বিভাগে বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা ভারতের মহিলা গ্র্যান্ডমাস্টার স্বামীনাথ সৌম্যর কাছে হেরেছেন। ৩ পয়েন্ট পাওয়া লিজা আছেন ২৭তম স্থানে।
উন্মুক্ত বিভাগের সেরা পাঁচ দাবাড়ু আগামী মাসে আজারবাইজানে হতে যাওয়া বিশ্বকাপ দাবায় এশিয়া থেকে খেলার সুযোগ পাবে। মেয়েদের বিভাগের চ্যাম্পিয়ন পাবেন বিশ্বকাপে খেলার টিকেট।
এই আসরে ৩০টি দেশের ৪৮ জন গ্র্যান্ডমাস্টার, ৩১ জন আন্তর্জাতিক মাস্টার ও ১৬ জন ফিদে মাস্টার অংশ নিচ্ছেন।
