২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব সাঁতারে আলোড়ন ১০ বছর বয়সী আলজাইনের

বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিটে অংশ নিয়েই দারুণ এক রেকর্ড গড়েছে ১০ বছর বয়সী আলজাইন তারেক। এই প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে কম বয়সী সাঁতারু এখন বাহরাইনের এই ছোট্ট মেয়ে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2015, 09:19 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

রাশিয়ার কাজানে শুক্রবার হিটে মোটেও ভালো করতে পারেনি আলজাইন। ৪১.১৩ সেকেন্ড সময় নিয়ে ৬৪ জনের মধ্যে সবার শেষে সাঁতার শেষ করেছে সে। কিন্তু এরই মধ্যে মার্কিন তারকা মিসি ফ্রাঙ্কলিনের মতো আরও অনেকের মন জয় করে নিয়েছে ছোট্ট মেয়েটি।

মাত্র চার বছর বয়সে সাঁতার শুরু করা আলজাইনের সপ্তাহের পাঁচ দিন অনুশীলন করেন। হিটে বাদ গেলেও হতাশা চেপে বসেনি তার কাঁধে। তার লক্ষ্য ২০২০ সালের টোকিও অলিম্পিকে অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করা।

কাজানে সাঁতরানোর অভিজ্ঞতা জানাতেও ভোলেনি মেয়েটি, “সেখানে (পুলে) যাওয়ার সময় আমি একটু নার্ভাস ছিলাম। কখনোই আমি এত দর্শকের সামনে সাঁতরাইনি।”

আলজাইন জানান, অন্য সাঁতারুরা তাকে দেখে অবাক হয়েছে। তারা তার নাম এবং বয়স জানতে চেয়েছে। সে এখানে সাঁতরাতে যাচ্ছি কিনা সেটাও জিজ্ঞেসও করেছে।

রেকর্ড গড়া এই সাঁতারুকে দেখে মুগ্ধ লন্ডন অলিম্পিকে সোনা জেতা যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কলিন বলেন, “সে আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর কিছু। আলজাইনের বন্ধু হওয়ার জন্য আমি অন্য একদিন তার লেনে গিয়েছিলাম কিন্তু তার সঙ্গে কথা বলার সুযোগই পেলাম না। তবে যতবার সে আমার দিকে তাকিয়েছে, চওড়া একটা হাসি দিয়েছে।”