পেল্লেগ্রিনির চুক্তির মেয়াদ বাড়াল সিটি
মানুয়েল পেল্লেগ্রিনির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ম্যানচেস্টার সিটি। ২০১৭ সাল পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটিতে থাকবেন চিলির এই কোচ।
গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের রানার্সআপ সিটি শুক্রবার পেল্লেগ্রিনির সঙ্গে নতুন চুক্তির কথা জানায়।
ইতালির রবের্তো মানচিনির বিদায়ের পর ২০১৩ সালে জুনে সিটির কোচের দায়িত্ব নেন পেল্লেগ্রিনি। আগামী বছর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।
প্রথম মৌসুমেই দলকে লিগ শিরোপা জেতান পেল্লেগ্রিনি। ২০১৩-১৪ মৌসুমে লিগ কাপও জেতে তার দল।
এরপর আর সিটিকে তেমন কোনো সাফল্য এনে দিতে পারেননি পেল্লেগ্রিনি। গত মৌসুম শেষে তার সিটি-পর্ব শেষ হয়ে যেতে পারে বলেও গুঞ্জন উঠেছিল।
গুঞ্জন ছিল বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা পেল্লেগ্রিনির জায়গা নিতে পারেন। এ ছাড়া রিয়াল মাদ্রিদ থেকে বরখাস্ত হওয়া কার্লো আনচেলত্তির কথাও বলেছিলেন অনেকে। কেউ আবার বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের সম্ভাবনাও দেখেছিলেন।
শেষ পর্যন্ত পেল্লেগ্রিনির উপরই আস্থা রাখল সিটি। ৬১ বছর বয়সী এই কোচ তার প্রতি ক্লাবের বিশ্বাসের মূল্য দিতে মুখিয়ে আছেন বলে জানান।
