ইউনাইটেড সমর্থকদের কাছে দি মারিয়ার দুঃখ প্রকাশ
ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আনহেল দি মারিয়া। খোলা চিঠিতে ক্লাবটির হয়ে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারার কথা স্বীকার করেছেন আর্জেন্টিনার এই মিডফিল্ডার।
রিয়াল মাদ্রিদ থেকে ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ইউনাইটেডে যোগ দিয়েছিলেন দি মারিয়া। কিন্তু মাত্র এক বছর পরই ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে ফরাসি লিগ ওয়ানের চ্যাম্পিয়ন পিএসজিতে নাম লেখান তিনি।
আর্জেন্টিনার এই মিডফিল্ডারের পিএসজিতে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসে বৃহস্পতিবার। এরপর ইউনাইটেডের সমর্থকদের উদ্দেশে খোলা চিঠি লেখেন দি মারিয়া।
“ক্লাবটিতে এক বছরে আমি যে সমর্থন পেয়েছি, এর জন্য ম্যানচেস্টার ইউনাইটেড পরিবারকে ধন্যবাদ জানাতে চিঠিটি লিখছি।”
ইউনাইটেডে জ্বলে উঠতে না পারার বিষয়টিও চিঠিতে উল্লেখ করেন দি মারিয়া।
“আমরা সবাই যেভাবে চেয়েছি, বিষয়গুলো সেভাবে কাজ করেনি এবং বিশ্বাস করুন, এ নিয়ে আমি সত্যি দুঃখিত।”
ইউনাইটেডে দি মারিয়ার শুরুটা অবশ্য ভালোই হয়েছিল। দলটির হয়ে খেলা প্রথম চার ম্যাচে তিন গোল করেন তিনি। কিন্তু চোটের কারণে দুই মাস বাইরে থাকার পর ফিরে কোচ লুইস ফন গালের শুরুর একাদশে নিয়মিত জায়গা পাননি আর্জেন্টিনার এই তারকা।
