এশিয়ান দাবার পঞ্চম রাউন্ডে রাকিব-এনামুলের জয়
এশিয়ান কন্টিনেন্টাল দাবায় টানা তিন রাউন্ড ড্র করার পর পঞ্চম রাউন্ডে হেরে গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তবে এই রাউন্ডে জয় পেয়েছেন বাংলাদেশের অন্য দুই গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন।
সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বৃহস্পতিবার উন্মুক্ত বিভাগে ভারতের গ্র্যান্ডমাস্টার এস.পি সেথুরামানের কাছে হেরে যান জিয়া। তার পয়েন্ট ২.৫।
রাকিব হারিয়েছেন চীনের গ্রান্ডমাস্টার চু ওয়েই চাওকে। আর এনামুল হারিয়েছেন কাজাখস্তানের আসাদ মামিরবেকে।
পঞ্চম রাউন্ড শেষে এনামুল ও রাকিব দুজনেরই পয়েন্ট ৩।
মেয়েদের বিভাগে বাংলাদেশের মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা কাজাখস্তানের মহিলা গ্র্যান্ডমাস্টার গুলিসখান নাখবায়েভাকে হারিয়েছেন। ৩ পয়েন্ট নিয়ে পঞ্চদশ স্থানে আছেন তিনি।
উন্মুক্ত বিভাগের সেরা পাঁচ দাবাড়ু আগামী মাসে আজারবাইজানে হতে যাওয়া বিশ্বকাপ দাবায় এশিয়া থেকে খেলার সুযোগ পাবে। মেয়েদের বিভাগের চ্যাম্পিয়ন পাবেন বিশ্বকাপে খেলার টিকেট।
এই আসরে ৩০টি দেশের ৪৮ জন গ্র্যান্ডমাস্টার, ৩১ জন আন্তর্জাতিক মাস্টার ও ১৬ জন ফিদে মাস্টার অংশ নিচ্ছেন।
