২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনাইটেড ছেড়ে পিএসজিতে দি মারিয়া

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আনহেল দি মারিয়ার পিএসজিতে যোগ দেওয়াটা প্রায় নিশ্চিতই ছিল। এবার আনুষ্ঠানিকভাবে আর্জেন্টাইন এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি সই করল ফরাসি ক্লাবটি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 11:50 PM

Updated : 25 Apr 2022, 01:41 PM

রিয়াল মাদ্রিদ থেকে ব্রিটিশ ট্রান্সফার ফির রেকর্ড গড়ে ইউনাইটেডে যোগ দেওয়ার এক বছর পরেই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়লেন দি মারিয়া। 
 
চার বছরের চুক্তিতে দি মারিয়াকে দলে নেওয়ার খবরটি বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে জানায় পিএসজি।
 
ফরাসি গণমাধ্যমের খবর অনুয়ায়ী, দি মারিয়াকে কিনতে ছয় কোটি ৩০ লাখ ইউরো খরচ হয়েছে পিএসজির। 
 
ফরাসি লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজিতে যোগ দিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন দি মারিয়া। দলটির হয়ে মাঠে নামতে তার আর তর সইছে না বলে জানান ২০১৪ সালে রিয়ালের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই খেলোয়াড়।
 
চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরেই কোয়ার্টার-ফাইনালে উঠেছিল পিএসজি। কিন্তু একবারও শেষ চারে উঠতে পারেনি তারা। এবার তাদেরকে শেষ আটের বাধা পার করাতে চান দি মারিয়া। নতুন ক্লাবের হয়েও ইউরোপ সেরার ট্রফি জিততে চান তিনি।