২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্ড ম্যাচের সিদ্ধান্ত নিয়ে দোদুল্যমান বাফুফে

শেখ রাসেল ও ফরাশগঞ্জের মধ্যকার পণ্ড ম্যাচ নিয়ে বাফুফের ডিসিপ্লিনারি কমিটির দেওয়া সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। এই কমিটির দেওয়া সিদ্ধান্ত লিগের বাইলজের ধারার সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ঝুলে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2015, 11:05 PM

Updated : 22 Aug 2022, 12:57 PM

রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়ে ফরাশগঞ্জের খেলোয়াড়েরা মাঠ ছেড়ে যাওয়ায় ডিসিপ্লিনারি কমিটি তাদের প্রিমিয়ার লিগের বর্তমান ও আগামী আসর থেকে নিষিদ্ধ করে। তবে প্রশ্ন ওঠে ফরাশগঞ্জের বিপক্ষে প্রতিপক্ষের পাওয়া পয়েন্ট নিয়ে। লিগের বাইলজ অনুযায়ী, তাদের বিপক্ষে অন্য দলগুলোর পাওয়া পয়েন্ট বাদ দেওয়ার কথা। কিন্তু ডিসিপ্লিনারি কমিটি পয়েন্টগুলো বজায় রেখে ফরাশগঞ্জের বাকি ম্যাচগুলোর প্রতিপক্ষদেরও ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডিসিপ্লিনারি কোড আর বাইলজের কিছু সিদ্ধান্ত ‘সাংঘর্ষিক’ স্বীকার করে নেন।

ডিসিপ্লিনারি কোডের ৫২.১ ও ৩১ ধারা অনুযায়ী পণ্ড ম্যাচে শেখ রাসেলকে ৩-০ গোলের জয় এবং ফরাশগঞ্জের বাকি ম্যাচগুলোর প্রতিপক্ষকে একই ব্যবধানের জয় দেওয়ার সিদ্ধান্ত দেয় কমিটি। কিন্তু লিগের বাইলজের ২০.৩.২ ধারা অনুয়ায়ী নিষিদ্ধ ফরাশগঞ্জের আগের সব ম্যাচের পয়েন্ট বাতিল করার বিধান রয়েছে। ফলে ফরাশগঞ্জের বিপক্ষে খেলা ১৬ ম্যাচের সব প্রতিপক্ষের পয়েন্টও কাঁটা যাওয়ার কথা।

কিন্তু এরই মধ্যে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব লিগ চ্যাম্পিয়নের ট্রফি উঁচিয়ে উৎসব সেরে নিয়েছে। লিগের শেষ পর্যায়ে এসে শেখ জামালের চ্যাম্পিয়ন হওয়া প্রায় নিশ্চিতই ছিল। কিন্তু প্রশ্ন উঠেছে, পয়েন্ট কাটাকাটির ঝামেলায় নতুন কোনো জটিলতা যেন না দেখা দেয় তা এড়াতেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে বাইলজ এড়িয়ে গেছে কমিটি।

এ অভিযোগ অবশ্য মানতে রাজি নন সোহাগ, “আমাদের কাছে দুইটা উপায় আছে। একটা ডিসিপ্লিনারি কোড, অন্যটা বাইলজ। স্বীকার করছি, এটা সাংঘর্ষিক। ডিসিপ্লিনারি কোড নাকি বাইলজ কোনটা কমিটি অনুসরণ করবে, সেটা কমিটির সিদ্ধান্ত।”

“আমাদের ডিসিপ্লিনারি কোডে উল্লেখ রয়েছে যে, কোনো দল যদি খেলতে অস্বীকার করে, সেক্ষেত্রে প্রতিপক্ষ দলগুলো ৩-০ গোলে জয়লাভ করবে। এই ধারাও (বাইলজের ২০.৩.২) আলোচনা হয়েছে। এই দুটো ধারা আলোচনার মাধ্যমে কমিটি সিদ্ধান্ত নিয়েছে তারা ডিসিপ্লিনারি কোডে থাকবে”, যোগ করেন তিনি।

ডিসিপ্লিনারি কমিটি সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বাইলজ অনুসরণ করলে শেখ জামালের উৎসব একটু বিলম্বিত হত। কিন্তু ‘বিতর্ক’ এড়াতে পারত বাফুফে। বিতর্ক ওঠার কারণেই ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত করার বিষয়ে দোদুল্যমান অবস্থায় আছে ঘরোয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

পেশাদার লিগ কমিটির পরবর্তী সভায় এসব বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হবে জানিয়ে সোহাগ বলেন, “আমাকে অবশ্যই ফিফা, এএফসির গাইডলাইন মানতে হবে কিন্তু আমাদের কাছেও দুটি গাইডলাইন আছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে হলে আমাদের পেশাদার লিগ কমিটির পরবর্তী সভার জন্য অপেক্ষা করতে হবে।”

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মূর্শেদী বর্তমানে দেশের বাইরে। তিনি ফিরলেই এসব বিষয়ে সিদ্ধান্ত হবে বলেও জানান সাধারণ সম্পাদক।

গত সোমবার শেখ রাসেলের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিট চলার পর রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান ফরাশগঞ্জের খেলোয়াড়েরা।

পরের দিন ডিসিপ্লিনারি কমিটি ফরাশগঞ্জকে চলতি প্রিমিয়ার লিগ ও আগামী বছর প্রিমিয়ার লিগে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়। এছাড়া ফরাশগঞ্জকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং লিগে অংশ নেওয়ার জন্য বাফুফের কাছ থেকে নেয়া ১৩ লাখ টাকাও ফেরত দিতে বলা হয়।