মুক্তিযোদ্ধাকে হারাল শেখ জামাল
মুক্তিযোদ্ধার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। লিগের মুকুট আগেই ধরে রাখা নিশ্চিত করা দলটির প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচের জয়টি ২-১ গোলের।
এই জয়ের ফলে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে এএফসি কাপের কোয়ালিফাইং প্লে-অফে খেলতে যাচ্ছে শেখ জামাল। কিরগিজস্তানে হওয়া এই বাছাইয়ে খেলতে শনিবার রওনা দেবে মামুনুলরা।
প্রথম পর্বেও একই ব্যবধানে মুক্তিযোদ্ধাকে হারিয়েছিল জোসেফ আফুসির দল।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার শেখ জামালের জয়ে গোল করেন এমেকা ডারলিংটন ও ল্যান্ডিং ডারবো।
৩৪তম মিনিটে কামারা সরবার গোলে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ১-০ স্কোরলাইন ধরে রেখে বিরতিতে যায় আবু ইউসুফের শিষ্যরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা। ৬০তম মিনিটে এমেকা লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে শেখ জামাল। আগেই লিগের মুকুট ধরে রাখা শেখ জামালের লিগের ১৫তম জয় এনে দেওয়া গোলটি করেন ল্যান্ডিং।
টানা দ্বিতীয় লিগ শিরোপা জেতা শেখ জামালের ১৯ ম্যাচে পয়েন্ট ৪৮। এই হারের পর ১৯ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা।
