পণ্ড ম্যাচে ৩-০ গোলে জয়ী শেখ রাসেল
রেফারির সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়ে ফরাশগঞ্জ মাঠ ছেড়ে যাওয়ায় প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্রকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করা হয়েছে।
বুধবার বাফুফে এক বিজ্ঞপ্তিতে জানায়, সোমবার প্রিমিয়ার লিগের শেখ রাসেল-ফরাশগঞ্জের পণ্ড হওয়া ম্যাচের পরের দিন রাতে ডিসিপ্লিনারি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় মঙ্গলবার রাতেই ফরাশগঞ্জকে চলতি প্রিমিয়ার লিগ ও আগামী বছর প্রিমিয়ার লিগে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়।
ফরাশগঞ্জকে পাঁচ লাখ টাকা জরিমানাও করা হয়। লিগে অংশ নেওয়ার জন্য বাফুফের কাছ থেকে নেয়া ১৩ লাখ টাকাও ফেরত দিতে হবে ক্লাবটির। এছাড়া দলটির দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশও দেয় কমিটি।
প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের ম্যাচটি শুরুর ১৩ মিনিট পর রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ জানিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যায় ফরাশগঞ্জের খেলোয়াড়েরা।
