২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড়রা এখন তাদের করণীয় জানে: টেন হাগ

টানা দুই জয়ে বদলে গেছে ইউনাইটেডের ভেতর-বাহির।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 08:34 PM

Updated : 28 Aug 2022, 08:44 PM

টানা দুই হারে হতাশাময় শুরুর পর এরিক টেন হাগের কৌশল ফল দিতে শুরু করেছে। পরপর দুটি জয়ে বদলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ভেতর-বাহিরের প্রেক্ষাপট। ওল্ড ট্র্যাফোর্ডের দলটি যেন এখন এক সুখী পরিবার! খেলোয়াড়দের ওপর কোচের আস্থাও বেড়েছে বহুগুণে।

প্রিমিয়ার লিগে শনিবার সাউথ্যাম্পটনকে ১-০ গোলে হারায় ইউনাইটেড। একমাত্র গোলটি করেন টানা দুই ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা ব্রুনো ফের্নান্দেস।

এর আগের ম্যাচে শক্তিশালী লিভারপুলকে হারিয়েছিল ইউনাইটেড। প্রতিযোগিতার সফলতম দলটি গত ফেব্রুয়ারির পর এই প্রথম লিগে টানা দুই ম্যাচ জিতল। আর প্রতিপক্ষের মাঠে টানা সাত হারের পর পেল জয়ের স্বাদ।

ম্যাচের পর শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন টেন হাগ। এই ডাচ কোচের মতে, তার খেলোয়াড়রা এখন নিজেদের করণীয় বুঝতে পেরেছে ঠিকঠাক।

“আমার খেলোয়াড়রা এখন বুঝতে পারছে যে তাদের দল হিসেবে কাজ করতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। তাদের শতভাগ দিতে হবে, ৯৯ শতাংশও যথেষ্ট নয়। প্রতি বলের জন্য তাদের লড়তে হবে এবং এটা করতে পারলে জয়ের ভালো ভিত তৈরি হবে।”

টানা দুই জয়ে ইউনাইটেডের ভেতর-বাহির যে বদলে গেছে, সেই দিকটিও তুলে ধরেছেন টেন হাগ।

“প্রতিপক্ষের পক্ষে এই দলকে হারানো কঠিন এবং আমার মনে হয়, আজ সবাই সেটা দেখেছে। আমি দলের পারফরম্যান্সে খুশি। আর আমি যখন এই দল উল্লেখ করছি, তার মানে পুরো স্কোয়াড মানে বেঞ্চের সদস্যদের কথাও বলছি।”

“আমরা সবাই এখন ঐক্যবদ্ধ এবং সঙ্গে ভক্তরাও। ভক্তদের এই জয়টা উপহার দিতে পারাটা সত্যিই দারুণ ব্যাপার। তাদেরও এমন একটা জয় খুব দরকার, অ্যাওয়ে ম্যাচে আমরা এর অনেকদিন আগে জিতেছিলাম। এখন এমন জয় নিয়মিত পেতে হবে।”

টেন হাগ ভূয়সী প্রশংসা করেন ব্রুনো ফের্নান্দেসের। নিয়মিত অধিনায়ক হ্যারি ম্যাগুইয়ারকে বেঞ্চে রেখে যাকে টানা দুই ম্যাচে অধিনায়ক হিসেবে খেলিয়েছেন তিনি।

“আমার মনে হয়, সে এই সুযোগটাই খুঁজছিল…এই মুহূর্তে সে সত্যিই দলকে নেতৃত্ব দেওয়াটা উপভোগ করছে।”

“সোমবার (লিভারপুল ম্যাচ) আমরা তার দৌড়ানোর অবিশ্বাস্য সামর্থ্য দেখেছি। সেই সঙ্গে তার চাপ দেওয়া ও সুযোগ তৈরি করার দক্ষতা। আজও সে একইরকম খেলেছে এবং গোল করে পুরস্কার পেয়েছে। আমি তার পারফরম্যান্সে খুশি এবং অবশ্যই দলকে নিয়েও।”