২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লপের লিভারপুলের মতো জিততে পেরে উচ্ছ্বসিত গুয়ার্দিওলা

অন্তিম সময়ের গোলে জয়, পেপ গুয়ার্দিওলার কাছে স্বাদটাই নতুন নতুন লাগছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 06:08 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে পয়েন্ট হারানোর খুব কাছাকাছি চলে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে শেষটা তাদের মধুর হয়ে ওঠে জন স্টোন্সের গোলে। একেবারে অন্তিম মুহূর্তে পাওয়া জয়ে দলটির ড্রেসিং রুমে এখন যেন বইছে নতুন হাওয়া। পেপ গুয়ার্দিওলার কাছে স্বাদটাই যেমন নতুন নতুন লাগছে।

সাম্প্রতিক সময়ে বারবার ম্যাচে প্রথমে গোল খেতে দেখা যাচ্ছে সিটিকে। রোববার প্রিমিয়ার লিগের ম্যাচেও অবনমন অঞ্চলের দলের ইয়োর্গেন স্ত্রান্দ লার্শেনের গোলে পিছিয়ে পড়ে তারা, চলতি মৌসুমে পঞ্চমবারের মতো আগে গোল খেল গুয়ার্দিওলার দল। পরে রক্ষণাত্মকও হয়ে পড়ে উলভস। সেই প্রবল বাধা সামলে সমতা টানেন ক্রোয়াট ডিফেন্ডার ইয়োশকো ভার্দিওল। আর শেষের কয়েক সেকেন্ড বাকি থাকতে আরেক ডিফেন্ডার স্টোন্সের হেডে জয়ের আনন্দে ভাসে সিটি।

স্টোন্সের গোলটি অবশ্য শুরুতে বাতিল করে দিয়েছিলেন রেফারি ক্রিস ক্যাভানা। গোলরক্ষক জোসে সার খুব কাছাকাছি ছিলেন সিটির বের্নার্দো সিলভা, তাতে গোলরক্ষকের দৃষ্টিপথে বাধা তৈরি হওয়ার কারণে গোলটি বাতিল করা হয়। তবে ভিএআরে গোলের সিদ্ধান্ত আসলে রোমাঞ্চকর জয়ের উল্লাসে ভাসে সিটি।

পয়েন্ট হারানোর এত কাছে গিয়েও, ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ায় খুশির যেন অন্ত নেই গুয়ার্দিওলার। সংবাদ সম্মেলনে তার কণ্ঠে সেটাই মিশে রইল।

“বের্নার্দো (কারো) পজিশনে সমস্যা তৈরি করেনি…তাই (জোসে) সার দৃষ্টিপথেও কোনো বাধা পড়েনি। ফিল ফোডেনের কর্নার এবং ওই হেড ছিল চমৎকার।”

“এরকম শেষ মুহূর্তে জিততে আমরা ঠিক অভ্যস্ত নই, লিভারপুলের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপের মতো, সেখানে এমন ঘটনা অনেকবার ঘটেছে। আমাদের জন্য এটা দারুণ এক স্বাদ।”

পুরো ম্যাচে ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে একের পর এক আক্রমণ করে যায় সিটি। গোলের জন্য মোট ২২টি শঠ নিয়ে সাতটি লক্ষ্যে রাখতে পারে তারা। বিপরীতে উলভস মাত্র তিনটি শট নিতে পারে, যার দুটি ছিল লক্ষ্যে।   

রক্ষণাত্মক কৌশল নেওয়া উলভসের বেশিরভাগ খেলোয়াড়কে অধিকাংশ সময় তাদের সীমানাতেই দেখা যায়। তারপরও, শেষ পর্যন্ত পুরো তিন পয়েন্ট পাওয়াটাই মুখ্য এবং কঠিন সময়ে দল ঠিকঠাক সাড়া দেওয়ায় বাড়তি উচ্ছ্বাস সিটি কোচের।

ওই দুর্দান্ত জয়ে কয়েক ঘণ্টার জন্য হলেও লিগ টেবিলের শীর্ষে উঠেছিল সিটি। পরে অবশ্য চেলসিকে ২-১ গোলে হারিয়ে চূড়ায় ফেরে লিভারপুল।

আট রাউন্ড শেষে লিভারপুলের পয়েন্ট ২১। ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।