‘আমরা সবাই ঐক্যবদ্ধ’, বাইরের সমালোচনা নিয়ে আলোন্সো
পরিস্থিতি পরিবর্তনের জন্য অলিম্পিয়াকোসের বিপক্ষে জয়টা খুব দরকার ছিল বলে মনে করছেন রেয়াল মাদ্রিদ কোচ।
পরপর তিন ম্যাচে জয়হীন। চার দিক থেকে ধেয়ে আসছিল সমালোচনার স্রোত। অবশেষে স্বস্তি পেয়েছে রেয়াল মাদ্রিদ, ফিরেছে জয়ের পথে। আবহ পরিবর্তনের জন্য অলিম্পিয়াকোসের বিপক্ষে জয়টা খুব দরকার ছিল বলে মনে করছেন কোচ শাবি আলোন্সো। লম্বা মৌসুমে সব ধরনের পরিস্থিতিতে দলের সবাই একতাবদ্ধ থাকাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
প্রতিপক্ষের মাঠে বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৪-৩ গোলে জেতে রেয়াল মাদ্রিদ। দলটির সবকটি গোলই করেন কিলিয়ান এমবাপে।
শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রথমার্ধেই রেয়াল এগিয়ে যায় ৩-১ গোলে। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় অলিম্পিয়াকোস। একটু পর আবার গোল করে ব্যবধান বাড়ান এমবাপে। কিন্তু ৮১তম মিনিটে আবার গোল করে অলিম্পিয়াকোস জমিয়ে তোলে লড়াই। তবে শেষ পর্যন্ত আর গোল হয়নি।
চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচটিতে লিভারপুলের মাঠে হারের পর লা লিগায় রায়ো ভাইয়েকানো ও এলচের বিপক্ষে ড্র করে রেয়াল। এতে আলোন্সোর কৌশল নিয়ে হচ্ছিল সমালোচনা। মূল খেলোয়াড়দের সঙ্গে কোচের সম্পর্কের অবনতির খবরও আসে সংবাদমাধ্যমে।
ম্যাচের পর মুভিস্টারকে আলোন্সো বললেন, তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল এই জয়।
“পরিস্থিতি পরিবর্তন করা গুরুত্বপূর্ণ ছিল আজ। (প্রাথমিক পর্ব থেকে) পরের ধাপে যাওয়ার ক্ষেত্রে এবং আমরা যে অবস্থায় আছি, সেটার জন্য গুরুত্বপূর্ণ ছিল এই জয়।”
“আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা জানি দীর্ঘ, কঠিন মৌসুম হবে। সব ধরনের পরিস্থিতি আসবে। এমন কিছু মুহূর্ত থাকবে, যা মেনে নিতে হবে। আজ এক ধাপ এগিয়েছি।”
