ম্যানচেস্টার সিটিতে যাওয়ার প্রসঙ্গে চেলসি কোচ, ‘পুরোটাই গুজব’
এসব খবরকে একদমই গুরুত্ব দেন না এন্টসো মারেস্কা।
পেপ গুয়ার্দিওলার ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন আবার একটু একটু করে ডানা মেলতে শুরু করেছে, সেই সঙ্গে সেখানে তার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এন্টসো মারেস্কার নাম নিয়েও। তবে এসব খবরের পুরোটাই ‘শতভাগ মনগড়া’, জানিয়ে দিলেন চেলসির বর্তমান কোচ মারেস্কা।
২০২২-২৩ মৌসুমে সিটিতে গুয়ার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছিলেন মারেস্কা। চারিদিকে খবর ছড়িয়েছে যে, চলতি মৌসুম শেষে ম্যানচেস্টারের দলটি ছাড়বেন গুয়ার্দিওলা।
প্রিমিয়ার লিগে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলবে চেলসি। আগের দিন সংবাদ সম্মেলনে ওই সব খবরের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে মারেস্কা বলেন, “এসব আমার ওপর কোনো প্রভাব ফেলে না, কারণ এটা শতভাগ কল্পনাপ্রসুত এবং এসবের জন্য আমার সময় নেই। এখানে আমার চুক্তি আছে ২০২৯ পর্যন্ত।”
“আমার সব মনোযোগ এই ক্লাবে এবং আমি এখানে থাকতে পেরে গর্বিত। এক সপ্তাহ আগে ইতালিতে ইউভেন্তুসকে নিয়ে এমন (খবর) বেরিয়েছিল। আমি এসবে গুরুত্ব দেই না।”
১৬ ম্যাচে ৮ জয় ও ৪ ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চেলসি। নিউক্যাসলের মাঠে তাদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়ায়।
