ফিফা আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সভা শেষে এই তথ্য জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান।
আসিয়ান কাপে খেলার ব্যাপারে সম্মতি জানানোর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অপেক্ষায় ছিল ফিফার কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার। ইতিবাচক সাড়া মিলেছে। ফলে, আসছে আসিয়ান কাপে খেলছে বাংলাদেশ।
দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর হতে যাচ্ছে ফিফা আসিয়ান কাপ। গত ১৩ অগাস্ট ভারত এই টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ায় দুয়ার খুলে যায় বাংলাদেশের সামনে।
বিষয়টি নিয়ে কদিন ধরে আলোচনা চলছিল। অবশেষে শনিবার নির্বাহী কমিটির সভায় আসিয়ান কাপে খেলার সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।
“ফিফার কাছ থেকে আমরা গত রাতে ইতিবাচক খবরটি পেয়েছি। সেটি হলো, আসিয়ান কাপে খেলার অনুমতি পেয়েছি আমরা। ফিফাকে এরই মধ্যে আমরা নিশ্চিত করেছি যে, আসিয়ান কাপে খেলব।”
দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৪টি দল নিয়ে দুটি বিভাগে (প্রিমিয়ার ও চ্যালেঞ্জ ডিভিশন) হবে আসিয়ান কাপ। ইন্দোনেশিয়া প্রিমিয়ার ডিভিশন অংশের আয়োজন করবে এবং হংকং চ্যালেঞ্জ ডিভিশনের আয়োজক।
প্রিমিয়ার ডিভিশনে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপিন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর, পাকিস্তান ও বাংলাদেশ খেলবে।
জাতীয় দলের ক্যাম্প ২৭ অগাস্ট শুরুর কথা থাকলেও, এ বিষয়ে আমিরুল ইসলাম বাবু নিশ্চিত করে কিছু বলতে পারেননি। ন্যাশনাল টিমস কমিটি আলোচনা, পর্যালোচনা সেরে এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করবে, জানালেন তিনি।
“আসলে এই ব্যাপারটা (ক্যাম্প শুরু) চূড়ান্ত করা হয় নাই। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটিকে বলে দেওয়া হয়েছে এবং তারা সামনের দিকে কীভাবে এই আসিয়ান কাপ খেলতে যাবে, কীভাবে দল...ন্যাশনাল টিম কবে ডাকবে এবং কোচের সাথে পরামর্শ করে কীভাবে কী করবে না করবে, এটা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটিকে বলা হয়েছে (করার জন্য)।”
