হলান্ডের চোখে, এই হার বিব্রতকর
দলে কোনো কিছুই ঠিকঠাক হচ্ছে না, সেটাই বেশি ভাবাচ্ছে সিটি কোচ পেপ গুয়ার্দিওলাকে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বড় অঘটনগুলোর একটির শিকার হয়েছে ম্যানচেস্টার সিটি। টুর্নামেন্টে প্রথমবারের মতো সুযোগ পাওয়া বুদে/গ্লিম্টের বিপক্ষে বাজে পারফরম্যান্সে নাস্তানাবুদ হওয়ায় প্রচণ্ড হতাশ আর্লিং হলান্ড। এমন পরাজয় মানতেই পারছেন না তিনি।
দলটির কোচ পেপ গুয়ার্দিওলার হতাশা যেন আরও গভীর। তার কষ্টের কারণ কেবল এই এক ম্যাচ নয়। টানা দ্বিতীয় হারের পর তিনি বললেন, “সবকিছুই ভুল পথে যাচ্ছে।”
প্রিমিয়ার লিগে টানা তিন ড্রয়ের পর, গত শনিবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় সিটি। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য আগের ম্যাচে রেয়াল মাদ্রিদের মাঠে দারুণ এক জয়ের আনন্দে ভেসেছিল তারা। এবার এই মঞ্চেও পথ হারিয়ে ফেলল দলটি, সেটাও ভীষণ সাদামাটা পারফরম্যান্সে।
রক্ষণের ভুলে ম্যাচের প্রথম ২৫ মিনিটেই দুই গোলে পিছিয়ে পড়ে সিটি, বিরতির পর হজম করে আরেকটি। হায়ান শেহকি একটি গোল ফিরিয়ে দিলেও, রদ্রি লাল কার্ড দেখার পর আর ম্যাচে ফেরার মতো কিছু করতে পারেনি তারা। ম্যাচ হেরে যায় ৩-১ গোলে।
অধিকাংশ সময় বল দখলে রেখে সিটি গোলের জন্য ১৬ শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে পাঁচটি; কিন্তু ফিনিশিংয়ে ব্যর্থতায় লড়াই জমাতেও পারেনি। দারুণ কয়েকটি সুযোগ নষ্ট করেন দলের সেরা তারকা হলান্ড।
নিজের ব্যর্থতা আরও বেশি পোড়াচ্ছে নরওয়ের এই ফরোয়ার্ডকে। টিএনটি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি ক্ষমা চাইলেন সমর্থকদের কাছে।
“(এমন পারফরম্যান্সের পর) আমার কাছে কোনো ব্যাখ্যা নেই। যে গোলগুলো আমার করা উচিত ছিল, তা করতে না পারার পুরো দায় নিচ্ছি আমি। সবার কাছে আমি ক্ষমা চাই, ম্যান সিটির প্রত্যেক সমর্থক এবং আজ যে সমর্থকরা এখানে এসেছেন, সবার কাছে। কারণ এই হার বিব্রতকর।”
প্রতিপক্ষের প্রশংসাও করেন এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ২০ গোল ও চ্যাম্পিয়ন্স লিগে আগের ছয় ম্যাচে ছয় গোল করা হলান্ড।
“বুদে অসাধারণ ফুটবল খেলেছে এবং জয় তাদের প্রাপ্য। সত্যি বলতে, বুঝতে পারছি না কী বলব, কারণ আমার কাছে এর কোনো জবাব নেই। শুধু এটাই বলতে পারি, আমি দু:খিত।”
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ সাত ম্যাচের মাত্র দুটিতে জিততে পেরেছে ম্যানচেস্টার সিটি, ওই দুই জয়ের একটি আবার তৃতীয় স্তরের দল এক্সেটারের বিপক্ষে, এফএ কাপে।
বুদের বিপক্ষে মাঠে নামার আগে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ছিল গুয়ার্দিওলার দল। ১৩ পয়েন্ট নিয়ে এখন তারা নেমে গেছে সপ্তম স্থানে। শীর্ষ আট থেকে ছিটকে পড়ার শঙ্কাও তৈরি হয়েছে দলটির; টেবিলের ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোকে খেলতে হবে নকআউটের প্লে-অফ।
তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে জয়ের এমন সুযোগ হারিয়ে খুব খারাপ লাগছে স্প্যানিশ কোচ গুয়ার্দিওলার। দলের টানা ব্যর্থতাও ভাবাচ্ছে তাকে।
“আজ আমাদের সামনে দারুণ একটা সুযোগ ছিল। কিন্তু আমাদের সবকিছুই ভুল পথে যাচ্ছে, প্রতিটি ক্ষেত্রে সবকিছু আমাদের বিপক্ষে যাচ্ছে। এটা চিন্তার বিষয় এবং আমাদের এটা বদলাতে হবে। খেলোয়াড়রা মাঠে চেষ্টা করেছে।”
“আমার কোনো সন্দেহ নেই যে, এই প্রতিযোগিতায় কোনো কিছুই নিশ্চিত ধরে নেওয়ার উপায় নেই, এটা নিশ্চিত। (শনিবার) ইউনাইটেড আমাদের চেয়ে ভালো ছিল। আর আজ ম্যাচের মোমেন্টাম আমাদের শাস্তি দিয়েছে।”
