১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘আমি এই দলকেই রাখতে চাই’

বর্তমান স্কোয়াড নিয়ে সন্তুষ্ট রেয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিয়ো।

‘আমি এই দলকেই রাখতে চাই’
স্কোয়াড নিয়ে খুশি জোসে মরিনিয়ো। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 08:40 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

গ্রীষ্মের দলবদলের উইন্ডো শেষ হতে বাকি আরও কয়েকদিন। তবে স্কোয়াডে আর পরিবর্তনের প্রয়োজন দেখছেন না রেয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিয়ো।

টানা দুই মৌসুমে বড় কোনো শিরোপা জিততে পারেনি রেয়াল। গত মৌসুম তো ছিল পুরোপুরি শিরোপাশূন‍্য।

দ্বিতীয় মেয়াদে সান্তিয়াগো বের্নাবেউয়ে এসেছেন মরিনিয়ো। চলতি দলবদলে মোট ছয় জন নতুন খেলোয়াড় দলে যোগ করেছে ইউরোপের সফলতম ক্লাবটি। তারা হলেন মিডফিল্ডার বের্নার্দো সিলভা, ডিফেন্ডার মার্ক কুকুরেইয়া, ইব্রাহিমা কোনাতে, ডেঞ্জিল ডামফ্রিস, ফরোয়ার্ড কার্লোস এস্পি ও ইয়ান ডিওমান্ডে।

লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযানের শুরুটা দাপুটে না হলেও জয় দিয়েই করতে পেরেছে রেয়াল। প্রথম ম্যাচে এস্পানিওলের মাঠে শেষ সময়ের গোলে ২-১ ব্যবধানে জিতেছে প্রতিযোগিতাটির সফলতম দলটি। 

প্রথমবার ঘরের মাঠে খেলবে তারা বুধবার, যেখানে তাদের প্রতিপক্ষ রেয়াল সোসিয়েদাদ। আগের দিন সংবাদ সম্মেলনে দলবদল নিয়ে প্রশ্নে নিজের ভাবনা তুলে ধরেন মরিনিয়ো।  

“আমার মতে, দলটা এখন চূড়ান্ত। দলবদলের উইন্ডো খোলা আছে, তাই কখনোই বলা যায় না যে, কিছুই হবে না। সুযোগ আসতেই পারে, কোনো খেলোয়াড় ক্লাব ছাড়তে চাইতে পারে, বা এমন কোনো প্রস্তাব আসতে পারে, যা ফিরিয়ে দেওয়া কঠিন হবে। যদি কেউ চলে যায়, আমি খুশি হব না; আমি এই দলকেই রাখতে চাই।”