স্প্যানিশ ফুটবল
Published : 29 Nov 2024, 08:04 PM
লা লিগায় লাস পালমাসের বিপক্ষে ম্যাচের আগে বার্সেলোনার জন্য সুখবর। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল।
এই মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ম্যাচে অ্যাঙ্কেলে চোট পান ইয়ামাল। বার্সেলোনার সবশেষ তিন ম্যাচে রেয়াল সোসিয়েদাদ, সেল্তা ভিগো ও ব্রেস্তের বিপক্ষে খেলতে পারেননি ১৭ বছর বয়সী ফুটবলার। এই মাসে নেশন্স লিগে ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের ম্যাচেও বাইরে থাকতে হয় তাকে।
লা লিগায় সবশেষ দুই ম্যাচেই পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। সোসিয়েদাদের বিপক্ষে হারের পর ড্র করেছে সেল্তার বিপক্ষে। চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার ব্রেস্তকে ৩-০ গোলে হারিয়ে জয়ের পথে ফিরেছে কাতালান দলটি।
লিগে শনিবার ঘরের মাঠে পালমাসের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে ইয়ামালের খেলার কথা আগের দিন সংবাদ সম্মেলনে জানালেন কোচ হান্সি ফ্লিক।
“লামিনে ফিরেছে, সে খেলার জন্য প্রস্তুত। আমরা দেখব শুরুর একাদশে সে থাকবে কি-না, এখনও আমরা সিদ্ধান্ত নেইনি। তবে সে খেলবে।”
সেল্তার বিপক্ষে লাল কার্ড পাওয়া মিডফিল্ডার মার্ক কাসাদো খেলতে পারবেন না এই ম্যাচে। তার জায়গায় গাভি শুরুর একাদশে ফিরবেন বলে জানিয়েছেন ফ্লিক। এসিএল চোটে এক বছর বাইরে থাকার পর গত মাসে মাঠে ফেরা এই মিডফিল্ডার এখনও কোনো ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেননি।
১৪ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ।