১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে চমক ‘ফুটবলের আইনস্টাইন’ আইয়ুব বুয়াদ্দি

ফ্রান্সকে ‘প্রত‍্যাখ‍্যান’ করে, ব্রাজিলের বিপক্ষে আলো ছড়িয়ে মরক্কোর নতুন আশা হয়ে উঠেছেন ১৮ বছর বয়সী মিডফিল্ডার।

বিশ্বকাপে চমক ‘ফুটবলের আইনস্টাইন’ আইয়ুব বুয়াদ্দি
আইয়ুব বুয়াদ্দি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2026, 05:50 AM

Updated : 11 Sep 2026, 03:26 PM

উঠতি এক প্রতিভা হিসেবে বিশ্বকাপে আসেন আইয়ুব বুয়াদ্দি। মাত্র এক ম‍্যাচেই উঠে এসেছেন পাদপ্রদীপের আলোয়। ব্রাজিলের বিপক্ষে মরক্কোর ১-১ ড্রয়ে তার যে ছিল বড় ভূমিকা। 

পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নদের বিপক্ষে দৃঢ়তা, পরিশ্রম ও ম‍্যাচের গতি নিয়ন্ত্রণের সামর্থ‍্য দিয়ে নজর কেড়েছেন বুয়াদ্দি। কার্লো আনেচলত্তির দলের মতো উঁচু মানের প্রতিপক্ষের সামনে ঝলমলে পারফরম‍্যান্সে বিশ্ব মঞ্চে নিজের উপস্থিতির জানান দিয়েছেন এই মিডফিল্ডার। 

গত মার্চেই তিনি ছিলেন ফ্রান্সের খেলোয়াড়! ফ্রান্সের কয়েকটি বয়স ভিত্তিক দলে খেলেন তিনি। অনূর্ধ্ব-২১ দলকে নেতৃত্বও দেন। ফ্রান্সেই জন্ম বুয়াদ্দির, সেখানেই বেড়ে ওঠা। 

গত মাসের আগ পর্যন্ত হয়তো ভেবেছিলেন এই বিশ্বকাপে খেলা হবে না তার। ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম সিনিয়র দলে তাকে ডাকেননি কখনও। সুযোগটা কাজে লাগায় মরক্কো, বিশ্বকাপে খেলার স্বপ্নে তাদের ডাকে সাড়া দেন বুয়াদ্দি। 

গত মে মাসে তাকে মরক্কোর হয়ে খেলার অনুমতি দেয় ফিফা। ব্রাজিলের বিপক্ষে বুয়াদ্দির পারফরম‍্যান্সের পর ফ্রান্সে তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা। কেউ কেউ দলে না নেওয়ায় কাঠগড়ায় তুলছেন দেশমকে। 

লিগ আঁর দল লিলে খেলছেন বুয়াদ্দি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেছেন ৪২ ম‍্যাচ। সবচেয়ে কম বয়সে লিগ আঁয় ৫০ ম‍্যাচ খেলার কীর্তি গড়েছেন তিনি। এরই মধ‍্যে ফ্রান্সের শীর্ষ লিগে খেলে ফেলেছেন তিন মৌসুম!

বয়সের তুলনায় অনেক বেশি পরিণত বুয়াদ্দি। বল পুনরুদ্ধারের সামর্থ‍্য, খেলাটা গড়ে তোলা এবং চাপের মধ‍্যে সমাধান বের করা- সম্ভাব‍্য সবচেয়ে বেশি চাপের ম‍্যাচ ব্রাজিলের বিপক্ষে নিজের এই গুণগুলো তুলে ধরেছেন বুয়াদ্দি।

মাঠের বাইরেও কম যান না ১৮ বছর বয়সী বুয়াদ্দি। পড়াশোনায় দুর্দান্ত ফলাফলের জন‍্য ফ্রান্সে তার ডাকনাম ‘ফুটবলের আইনস্টাইন।’ ১৫ বছর বয়সে বক্তৃতায় পুরস্কার পান তিনি। হাই স্কুলে বিজ্ঞানে পান ‘এক্সিলেন্ট গ্রেড।’ পেশাদার প্রতিযোগিতামূলক ফুটবলে ব‍্যস্ত থাকার পরও গণিতে নিচ্ছেন ডিগ্রি। 

এই বহুমাত্রিক প্রতিভা তাকে সমসাময়িকদের বেশিরভাগের চেয়ে আলাদা করে তুলেছে। 

বিশ্বকাপের পারফরম‍্যান্সে অনেক বড় ক্লাবের মনোযোগ কেড়েছেন বুয়াদ্দি। গণমাধ‍্যমের খবর, টুর্নামেন্ট শেষ হলে তাকে দলে নিতে প্রস্তুত ইংলিশ চ‍্যাম্পিয়ন আর্সেনাল। তবে আপাতত বুয়াদ্দির ভাবনা জুড়ে কেবলই মরক্কো।

“কয়েকটি ক্লাব আমার প্রতি আগ্রহী জেনে আমি খুশি। তবে এখন আমি কেবল বিশ্বকাপেই মনোযোগ দিচ্ছি। সম্ভাব‍্য সবচেয়ে ভালো ফলের জন‍্য আমরা নিজেদের সবটুকু দেব।”

পরের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবেন বুয়াদ্দি ও তার সতীর্থরা। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।