২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামজাকে নিয়ে অনেক আশা তাবিথের

হামজা চৌধুরীর হাত ধরে বাংলাদেশের খেলোয়াড়দের দেশের বাইরের লিগে খেলার সম্ভাবনার দুয়ার খুলবে বলেও মনে করেন বাফুফে সভাপতি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2024, 03:25 PM

Updated : 10 Sep 2026, 12:26 PM

অনেক চিঠি চালাচালির পর অবশেষে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেয়েছেন হামজা চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা কোনো ফুটবলার এই প্রথম লাল-সবুজের জার্সিতে খেলবেন, এটা ভেবেই রোমাঞ্চিত বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থা বাফুফের সভাপতি তাবিথ আউয়ালও দারুণ আশাবাদী নানা কারণে। 

লেস্টার সিটির ডিফেন্ডার হামজাকে নিয়ে শুক্রবার গুলশানে নিজের বাসভবনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তাবিথ। হামজার মতো বাংলাদেশি ফুটবলারদের দেশের হয়ে খেলা, স্থানীয় খেলোয়াড়দের বিদেশের লিগে খেলার সম্ভাবনার দুয়ার খোলা, দেশের ফুটবলের মান বৃদ্ধিসহ আরও অনেক বিষয় নিয়ে আশাবাদ জানান বাফুফে সভাপতি। 

দেশের বাইরে খেলা বাংলাদেশি ফুটবলারদের খুঁজে বের করতে সবসময় সচেষ্ট থাকা গণমাধ্যমের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার কথাও বলেন তিনি।

“আগামী চার বছরের জন্য আমাদের সবচেয়ে বড় অংশীদার গণমাধ্যম। অনেক ভালো ভালো বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় বিদেশে খেলছে কিংবা বড় হচ্ছে, তাদের বিষয়ে আমরা খোঁজ খবর রাখছি। আমরা আশা করি, আগামী দিনগুলোতে আমরা আরও কিছু প্রবাসী বাংলাদেশিকে চিহ্নিত করে বাংলাদেশের হয়ে খেলার জন্য অনুপ্রেরণা দিতে পারব।” 

“গণমাধ্যমের সঙ্গে আমরা আরও ঘণিষ্ঠভাবে কাজ করব, যেন তারা খেলোয়াড়দের আরও বেশি ফোকাস দিতে পারে। আমরা খেলোয়াড়ের প্রচার কম করি। কেউ জিতলে তাদের প্রচার করি। হারলে তেমনভাবে প্রচার করা হয় না। ফেডারেশন থেকে চেষ্টা করব, মিডিয়ার সঙ্গে আরও আন্তরিক ভাবে কাজ করতে, খেলোয়াড়দের ব্যাপারে গণমাধ্যমকে আরও বেশি তথ্য দিতে।” 

তাবিথ নিজেও সাবেক ফুটবলার। সাবেকদের মতো বর্তমান খেলোয়াড়রাও হামজাকে নিয়ে উচ্ছ্বসিত বলে জানালেন তিনি। বাংলাদেশি বংশোদ্ভূত এই ইংলিশ ফুটবলারের হাত ধরে স্থানীয়দের দেশের বাইরে খেলার সুযোগ মিলবে, এমন আশা তাবিথের।

“আমরা আমাদের বেশ কিছু সাবেক ফুটবলারের সঙ্গে কথা বলেছি। বর্তমান খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। আন্তর্জাতিক অঙ্গনে আমরা যেন শক্তিশালী দল গড়তে পারি, এমনটাই চাইছে সকলে। হামজার মত বড় মাপের খেলোয়াড় যখন আসে, তখন দেশি খেলোয়াড়দের বিদেশে খেলার সুযোগ তৈরি হতে পারে। হামজাকে আমরা ব্যতীক্রম হিসেবে দেখতে চাচ্ছি না, হামজাকে আমরা দেখতে চাই বাংলাদেশের একটা সুযোগ হিসেবে। তার হাত ধরে দেশের খেলোয়াড়রা বিদেশের ভালো ভালো লিগে খেলার সুযোগ পাবে।”

“ফেডারেশনের সঙ্গে হামজার যোগাযোগ প্রায় দেড় বছর ধরে হচ্ছে। আমার সঙ্গে এখনো তার সরাসরি যোগাযোগ হয়নি। ইতোমধ্যে আমরা একটু গুছিয়ে নিচ্ছি, চেষ্টা করছি আরও কিছু বিদেশি খেলোয়াড় আমরা পাই কিনা। আমাদের পরিকল্পনা গুছিয়ে নিয়ে তার সঙ্গে বসার সিদ্ধান্ত নিয়েছি আমি।”

বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে হামজার মানিয়ে নেওয়া নিয়েও প্রশ্ন ওঠে। তাবিথ মনে করেন, পেশাদার খেলোয়াড়দের যেকোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন কিছু নয়।

“এক্ষেত্রে আপনাদের দেখতে হবে অতীতে কী হয়েছিল। এর আগে জামাল ভূইয়া এসেছিল, তারেক কাজী এসেছিল। এ রকম যখন অন্য দেশের অন্য লিগের খেলোয়াড় এসেছে, তাদের সঙ্গে আমরা ধাপে ধাপে মানিয়ে নিয়েছি। বাংলাদেশের খেলার সঙ্গে হামজার খেলা কেমন হবে, তা পরে নির্ধারণ করা যাবে। ন্যাশনাল টিমস কমিটি গঠন হলে তাদের এটা নিয়ে ভাবতে হবে। সবচেয়ে বড় বিষয় জাতীয় দলের যিনি কোচ হবেন, তিনি হামজার সঙ্গে দল কতটা মানিয়ে নিতে পারে, সে দিকটা দেখবেন।”

“ফুটবলাররা যারা পেশাদার, তাদের মানিয়ে নেওয়ার অভ্যাস থাকে। অনেক সময় মাঠেই পরিবর্তন আসে, পিচ শক্ত, নরম, অনেক রকম হয়, কিন্তু তাদের মানিয়ে নিতে হয়। বিভিন্ন কোচের খেলার সঙ্গে তাদের মানিয়ে নিতে হয়। আবহাওয়ার পরিবর্তন আসে। আমি মনে করি, বিদেশি খেলোয়াড়রাও মানিয়ে নিতে পারবে। এটা জরুরি না, জরুরি হলো যেখানে গিয়ে আমরা খেলব, সেখানে গিয়ে দল হিসেবে আমরা মানিয়ে নিতে পারব কিনা। প্রস্তুতির সময় আমাদের বিষয়টি মাথায় রাখতে হবে।” 

হামজার আগমণে বাংলাদেশের ফুটবলের ‘ব্র্যান্ড ভ্যাল্যু’ বৃদ্ধি নিয়ে ভাবছেন না বাফুফে সভাপতি। তিনি বরং সাফল্যের ধারাবাহিকতায় থাকার পথটাই খুঁজে ফিরছেন।

“হামজাকে নিয়ে আমরা তো অবশ্যই খুবই আনন্দিত। তবে এ মুহূর্তে আমরা ব্রান্ড ভ্যালু নিয়ে চিন্তিত নই। আমরা চিন্তিত জাতীয় দলের সাফল্যের ধারাবাহিকতা নিয়ে, ম্যাচ জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হতে চাই। আমাদের জয়ের ক্ষুধা বাড়াতে হবে। আমরা এখন আর কম গোল খাওয়ার হিসেব করি না, এখন জয়ের চিন্তা নিয়ে মাঠে নামি। এমন খেলোয়াড় যখন দলে আসে, তা দলের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে। এছাড়া সমর্থকদের মাঠে আসতে উৎসাহিত করে।” 

“হামজাকে নিয়ে আমার অনেক আশা আছে। প্রথম হলো আমাদের দল আরও শক্তিশালী হবে। হামজা যেহেতু ডিফেন্সের খেলোয়াড়, সেক্ষেত্রে আমাদের ডিফেন্স আরও শক্তিশালী হবে। ফুটবলটা তো ১১ জনের খেলা। শুধু ডিফেন্স শক্তিশালী করলেই হবে না। আমাদের আক্রমণেও শক্তিশালী হতে হবে। হামজাকে নিয়ে আমার আশার আরেকটি কারণ, এই পর্যায়ের খেলোয়াড় আমাদের দলে অন্তর্ভুক্ত হলো। তাকে নিয়ে আরেকটা বড় আশার বিষয় হলো দল পরবর্তী পর্যায়ে যাত্রা শুরু করবে। অনেক ইতালিয়ান বাংলাদেশি, বৃটিশ বাংলাদেশি, বাংলাদেশি বংশোদ্ভূত দক্ষিণ আমেরিকানও থাকতে পারে, এমন দক্ষ খেলোয়াড়দেরকে হামজা অনুপ্রাণিত করবে বাংলাদেশের হয়ে খেলার জন্য, বাংলাদেশের পতাকা হাতে নেওয়ার জন্য। তার দেখাদেখি আরও অনেক বিদেশি বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় বাংলাদেশে আসার অনুপ্রেরনা পাবে।”

আগামী মার্চে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে হামজা খেলবেন কিনা, তা নিশ্চিত নয় এখনও। বাফুফে সভাপতি জানালেন, লেস্টার সিটির সাথে কথা বলে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন তারা।

“আমরা এখনো প্ল্যানিং স্টেজে আছি। হামজাকে চাইলেই আমরা আনতে পারছি না। সে যে ক্লাবে খেলছে তাদের সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। এছাড়া ফিফারও কিছু গাইডলাইন আছে যা আমাদের ফলো করতে হবে।”