যে কারণে গর্বিত মেসি
সামাজিক মাধ্যমে জয়ের ছবি পোস্ট করে সেই কথাই জানালেন আর্জেন্টাইন মহাতারকা।
প্রতিপক্ষের গোলে উচ্ছ্বসিত স্বাগতিক দলের সমর্থকরা! দিচ্ছেন করতালি, এমনকি কেউ কেউ আবার সম্মান জানিয়ে মাথাও ঝোঁকালেন। গোলদাতার নামটি যে লিওনেল মেসি। জাদুকরী ফুটবলে তিনি যেন যেকোনো মাঠকেই নিজের করে নিতে পারেন।
অ্যাঙ্গোলার মাঠে শুক্রবারের প্রীতি ম্যাচে আর্জেন্টাইন মহাতারকাকে ঘিরে তেমন কিছুরই মঞ্চায়ন হলো। মেসির ক্যারিয়ারে অবশ্য এ তেমন নতুন ঘটনা নয়। বরং দেশের হয়ে খেলে যেতে পেরেই তিনি খুশি, গর্বিত।
বিশ্ব চ্যাম্পিয়নদের ২-০ ব্যবধানে জয়ের ম্যাচে দ্বিতীয় গোলটি করেন মেসি। প্রথম গোলেও ছিল তার অসামান্য অবদান।
ম্যাচের ৪৩তম মিনিটে মেসির থ্রু বল ডি-বক্সে পেয়ে দারুণ শটে গোলরক্ষককে পরাস্ত করেন ইন্টার মিলান ফরোয়ার্ড লাউতারো মার্তিনেস। এরপর, ৮২তম মিনিটে এই সতীর্থেরই পাস ডি-বক্সে পেয়ে জোরাল কোনাকুনি শটে জালে জড়ান মেসি।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে আফ্রিকার দেশটিতে জয়ের মুহূর্তের কয়েকটি ছবি পোস্ট করে আটবারের ব্যালন দ’র জয়ী লিখেছেন, “আমার দেশকে প্রতিনিধিত্ব করতে এবং আকাশি-সাদা রঙকে রক্ষা করতে পারায় আমি গর্বিত।”
জাতীয় দলের হয়ে মেসির গোল হলো ১১৫টি। কোচ লিওনেল স্কালোনি আর্জেন্টিনা দলের দায়িত্ব নেওয়ার পর ৫০ গোল করা প্রথম খেলোয়াড় এখন তিনি। এই সময়ে ৩৫ গোল করে তালিকার দুইয়ে লাউতারো মার্তিনেস।
প্রীতি ম্যাচে মেসির এটি ৫২তম এবং বাঁ পায়ে ১০১তম গোল।
