ছুটি পেয়ে যেন হাফ ছেড়ে বাঁচলেন বার্সা কোচ
ব্যর্থতার বৃত্তে বন্দি হয়ে পড়া দলকে পথে ফেরাতে এই বিরতি খুব কাজে আসবে বলে মনে করেন হান্সি ফ্লিক।
মাঠে নামলেই পরাজয়ের তেতো স্বাদ, নয়তো পয়েন্ট হারানোর ধাক্কা- দলের এমন যাচ্ছেতাই অবস্থা কাটিয়ে ওঠার কোনো উপায়ই পাচ্ছিলেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। তাইতো বছরের শেষ ম্যাচে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে হেরে যাওয়ার পর তিনি বললেন, এই মুহূর্তে বিরতিটা তার দলের সবারই খুব দরকার।
লা লিগার শিরোপা পুনরুদ্ধারের অভিযানে মৌসুমের শুরুটা দুর্দান্ত করে বার্সেলোনা। আসরে প্রথম ১২ ম্যাচের ১১টিই জিতে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান শক্ত করে তারা।
কিন্তু গত মাসের শুরুর দিকে আচমকাই পথ হারিয়ে ফেলে দলটি। সেই থেকে লিগে কেবল একটি ম্যাচই জিততে পেরেছে তারা। ছন্দহীনতা কাটিয়ে ওঠার লড়াইয়ে শনিবার রাতে নিজেদের আঙিনায় তাদের শুরুর পারফরম্যান্স ছিল আশাব্যাঞ্জক। পেদ্রির গোলে প্রথমার্ধে এগিয়েও যায় তারা।
বিরতির পরও চাপ ধরে রাখার মাঝেই গোল হজম করে বসে বার্সেলোনা, সমতা টানেন রদ্রিগো দে পল। তারপরও ড্রয়ের পথে ছিল ম্যাচটি। কিন্তু যোগ করা সময়ের শেষ মিনিটে স্বাগতিকদের স্তব্ধ করে জয় ছিনিয়ে নেন আলেকসান্দার সরলথ। ২০০৬ সালের পর যা বার্সেলোনার মাঠে আতলেতিকোর প্রথম লিগ ম্যাচ জয়।
মাদ্রিদের দলটির জন্য ম্যাচটি যেখানে তাই অনেক পাওয়ার, সেখানে বার্সেলোনার জন্য অনেক কিছু হারানোর। এই নিয়ে লিগে গত সাত ম্যাচের ৬টিতেই পয়েন্ট হারাল দলটি। এর মধ্যে তাদের হার চারটি, ড্র দুটি, জয় একটি। ঘরের মাঠে টানা তিন ম্যাচ হারল তারা।
এত এত সংখ্যার ভিড়ে সবচেয়ে দুর্ভাবনার হলো, বাজে পথচলাটা তাদের আরও দীর্ঘ হলো, সঙ্গে হারাল টেবিলের শীর্ষস্থান।
চলতি বছরের বাকি দিনগুলোয় আর কোনো ম্যাচ নেই বার্সেলোনার। এমন কোণঠাসা অবস্থায় এই বিরতি দলের জন্য সবচেয়ে কাঙ্ক্ষিত হয়ে এসেছে বলে মনে করেন ফ্লিক। ম্যাচের পর কোনো রাখঢাক না করেই বলে দিলেন নিজের এই ভাবনা।
“এখন ছুটি এবং আমার মনে হয়, সবার এই বিরতিটা দরকার। বিরতি শেষে আমরা আবার অনুশীলন করব এবং দেখাব যে আমরা কতটা শক্তিশালী।”
“এই হার নিয়ে আমরা সবাই খুব হতাশ, কারণ খেলোয়াড়রা চমৎকার খেলেছে। আমরা এখন বড় দিন উদযাপন করব, এরপর ২৯ ডিসেম্বর থেকে অনুশীলন শুরু করব এবং মৌসুমে পরের ভাগে কী করতে পারি, সেদিকে নজর দিব।”
গত মাসের শুরুতেও লিগ টেবিলে বার্সেলোনার চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে ছিল আতলেতিকো। সেই তারাই বছর শেষ করল কাতালান দলটির চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থেকে!
১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে আতলেতিকোর পয়েন্ট হলো ৪১। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সেলোনা।
