২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'এফএ কাপ জিতলেও এই মৌসুম সিটির জন‍্য ব‍্যর্থই'

ভরাডুবির মৌসুমে কেবল এই একটি শিরোপা জয়েরই বাস্তবিক সম্ভাবনা আছে পেপ গুয়ার্দিওলার দলের।

'এফএ কাপ জিতলেও এই মৌসুম সিটির জন‍্য ব‍্যর্থই'
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2025, 09:20 PM

Updated : 26 Aug 2026, 11:56 AM

কক্ষচ্যুত ম্যানচেস্টার সিটির চলতি মৌসুমের পারফরম্যান্স এতটাই বিবর্ণ যে, কোনো কিছুতেই তা আর পোষাবে না বলে মনে করেন দলটির কোচ পেপ গুয়ার্দিওলা। এমনকি একমাত্র সম্ভাবনায় থাকা এফএ কাপের ট্রফি জিতলেও দলের পুরো মৌসুমটি ব্যর্থ বলেই বিবেচিত হবে।

২০২৪-২৫ মৌসুমে ম্যানচেস্টার সিটি প্রথম হারের স্বাদ পায় গত ৩০ অক্টোবর, এবং ওই পরাজয়েই তারা বিদায় নেয় লিগ কাপের দ্বিতীয় রাউন্ড থেকে। এরপর একের পর এক পরাজয় আর ড্রয়ে ‘শেষ হয়ে যায়’ তাদের প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার সম্ভাবনা। আর গত মাসে নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্লে-অফে তারা হেরে যায় রেয়াল মাদ্রিদের বিপক্ষে।

মৌসুমে তাদের একমাত্র শিরোপা জয়ের সম্ভাবনা বেঁচে আছে কেবল এফএ কাপে। সেখানেও শনিবার দ্বিতীয় স্তরের দল প্লাইমাউথের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়ে তারা। পরে অবশ্য নিকো ও’রাইলির জোড়া ও কেভিন ডে ব্রুইনের এক গোলে ৩-১ ব্যবধানে জিতে কোয়ার্টার-ফাইনালে ওঠে সিটি।

এই নিয়ে টানা সপ্তমবারের মতো প্রতিযোগিতাটির শেষ আটে উঠল গুয়ার্দিওলা দল। তবে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগে সাদামাটা পারফরম্যান্সের পর, এখানে ট্রফি উঁচিয়ে ধরলেও পুরোনো ব্যর্থতা ঘোচাবে না বলেই মনে করেন এই স্প্যানিশ কোচ।

“এই মৌসুমে, বিশেষ করে দুটি প্রতিযোগিতায় আমরা ভালো করিনি। আর এটাই বাস্তবতা। আমরা এখানে আসার পর থেকে এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের (শেষ ষোলোয়) উঠতে পারিনি এবং প্রিমিয়ার লিগে ১৩, ১৪, ১৫ রাউন্ড বাকি থাকতেই আমাদের শিরোপা জয়ের সম্ভাবনা শেষ হয়ে গেছে। কখনও এমনটা হয়নি। এই মৌসুম আমাদের একেবারেই ভালো যায়নি।”

২০১৬-১৭ মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পরের মৌসুমের প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পান গুয়ার্দিওলা। এরপর টানা দ্বিতীয় মৌসুমেও চ্যাম্পিয়ন হয় তারা। মাঝে এক মৌসুমে (২০১৯-২০) লিভারপুল চ্যাম্পিয়ন হওয়ার পর, গত চারবারই চ্যাম্পিয়ন হয় তার দল।

সেখানে এবার আগেই শিরোপা দৌড় থেকে ছিটকে পড়া সিটি ২৭ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ২০ পয়েন্ট পিছিয়ে।