স্প্যানিশ ফুটবল
Published : 08 Feb 2026, 04:01 PM
গত মৌসুমে লা লিগায় অভিষিক্ত মার্ক বের্নাল অবশেষে পেয়েছেন জালের দেখা। বার্সেলোনার জার্সিতে স্প্যানিশ মিডফিল্ডারের প্রথম গোলে ভীষণ খুশি কাতালান ক্লাবটির কোচ হান্সি ফ্লিক।
কাম্প নউয়ে শনিবার লা লিগায় মায়োর্কার বিপক্ষে ৩-০ গোলে জেতে বার্সেলোনা। ম্যাচটিতে তৃতীয় গোলটি করেন বের্নাল।
১৮ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের গোলটি ছিল দারুণ। বলা যায় একক নৈপুণ্যে। মাঝমাঠ থেকে ফের্মিন লোপেসের পাস ধরে এগিয়ে যান ৬৭তম মিনিটে বদলি নামা ফুটবলার। বক্সে ঢুকে এক ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান তিনি।
গোলের পর বের্নালকে ঘিরে উল্লাস করতে থাকেন বার্সেলোনার ফুটবলাররা। ডাগআউটে থাকা সতীর্থরাও যোগ দেন সেই উদযাপনে। ফ্লিকের চোখেমুখেও ছিল আনন্দের ছাপ।
গত মৌসুমের শুরুতে লা লিগায় অভিষেক হয় বের্নালের। লিগে প্রথম তিন ম্যাচ খেলার পর এসিএল চোটে মৌসুমের বাকি অংশের জন্য ছিটকে পড়েন তিনি।
সেই সমস্যা কাটিয়ে চলতি মৌসুমে মাঠে ফিরেছেন বের্নাল। তাকে বিশ্রাম দিয়ে দিয়ে ম্যাচ খেলাচ্ছেন ফ্লিক। সবশেষ তিন ম্যাচে টানা তাকে সুযোগ দেন বার্সেলোনা কোচ। তবে এখন পর্যন্ত বদলি হিসেবেই খেলতে দেখা গেছে এই তরুণকে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত বার্সেলোনার জার্সিতে ২১ ম্যাচ খেলেছেন বের্নাল। দীর্ঘ অপেক্ষার পর প্রথম জালের দেখা পাওয়া এই ফুটবলারকে নিয়ে ম্যাচ শেষে উচ্ছ্বাস ঝরেছে ফ্লিকের কণ্ঠে।
“বার্সার জার্সিতে প্রথম গোল করা তার জন্য দারুণ ব্যাপার। চোটের পর সে ধাপে ধাপে ফিরে এসেছে। গোলটি করতে পারা তার জন্য ভালো কিছু বয়ে আনবে। সবাই (ডাগআউট ছেড়ে) বেরিয়ে এসে উদযাপন করেছে, করতালি দিয়েছে—তার জন্য এটা অবিশ্বাস্য ছিল। সে কাম্প নউয়ে নিজের প্রথম গোল করেছে এবং সেটা সে দারুণভাবেই করেছে।”
টানা তৃতীয় জয়ে ২৩ ম্যাচে ১৯ জয় ও এক ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ৪ পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ, একটি ম্যাচ কম খেলেছে তারা।