২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস অলিম্পিকসে খেলার টিকেট পেলেন আর্চার সাগর

রিকার্ভ পুরুষ এককে পদক জয়ের হাতছানিও আছে বাংলাদেশের এই আর্চারের সামনে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2024, 09:50 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

রিকার্ভ পুরুষ এককের সেরা চারে থাকলেই নিশ্চিত প্যারিস অলিম্পিকসে সরাসরি খেলার সুযোগ। তুরস্কের আন্তালিয়াতে প্রতিযোগিতায় সেমি-ফাইনালে উঠে সে লক্ষ্য পূরণ করলেন বাংলাদেশের আর্চার মোহাম্মদ সাগর ইসলাম।

আন্তালিয়াতে চলমান ২০২৪ ওয়ার্ল্ড কোয়ালিফিকেশন টুর্নামেন্টের রিকার্ভ পুরুষ একেকে কোয়ার্টার-ফাইনালে লি অ্যাডামকে ৬-৫ সেট পয়েন্টে হারান সাগর।

কেবল অলিম্পিকসে সরাসরি খেলা নিশ্চিত করাই নয়, এখানে পদক জয়ের হাতছানিও আছে সাগরের সামনে। সেমি-ফাইনালে তার প্রতিপক্ষ ফ্রাঙ্কো উগো।

এই ইভেন্টের এলিমিনেশন রাউন্ডের প্রথম ও দ্বিতীয় ধাপে ‘বাই’ পান সাগর। এরপর সেরা-৩২ এ ডেনমার্কের ক্রিস্টেনসেন ক্রিস্টিয়ানকে ৬-৫ সেট পয়েন্টে হারান তিনি।

ভিয়েতনামের প্রতিপক্ষ এনগুইন মিনকে ৬-২ ব্যবধানে হারিয়ে অনায়াসে শেষ ষোলোর বাধা পার হওয়া সাগর কোয়ার্টার-ফাইনালে মুখোমুখি জন এডামের।

চেক রিপাবলিকের এই আর্চারের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর জেতেন সাগর। প্রথম সেট অ্যাডাম ২৯-২৭ পয়েন্টে জয়ের পর দ্বিতীয় সেটে ২৭-২৬ ব্যবধানে জিতেন সাগর।

তৃতীয় সেটে সাগর ২৯-২৭ পয়েন্টে জিতে এগিয়ে যাওয়ার পর চতুর্থ সেট শেষ হয় ২৬-২৬ সমতায়। পঞ্চম সেটে অ্যাডাম ২৯-২৫ ব্যবধানে জিতলে ৫-৫ সমতা আসে লড়াইয়ে। টাইব্রেকারে জিতে সেমি-ফাইনাল খেলা নিশ্চিত করেন সাগর।

আগামী ২৬ জুলাই ফ্রান্সের প্যারিসে শুরু হবে বৈশ্বিক ক্রীড়াযজ্ঞের সবচেয়ে বড় আসর অলিম্পিকস।

২০১৯ সালে নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতে রোমান সানা টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন। রোমানের পর এবার সাগর সরাসরি যাচ্ছেন প্যারিস অলিম্পিকসে অংশ নিতে।