১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধের সমালোচনায় ইরান কোচ

আমির গালেনোই ফিফার প্রতি দাবি জানিয়েছেন, ভবিষ‍্যতে কোনো স্বাগতিক দেশ যেন কোনো দলের প্রতি এমন আচরণ করতে না পারে।

যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধের সমালোচনায় ইরান কোচ
ইরানের কোচ আমির গালেনোই। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2026, 06:06 PM

Updated : 11 Sep 2026, 03:31 PM

মিশরের বিপক্ষে ১-১ ড্র করে নিজেদের ভাগ‍্য জানার অপেক্ষায় থাকা ইরান কোচ যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। একই সঙ্গে ভবিষ‍্যতে কোনো স্বাগতিক যেন কোনো দলের সঙ্গে এমন আচরণ করতে না পারে, সেটার জন‍্য ফিফাকে উদ‍্যোগ নিতে বলেছেন তিনি। 

যুক্তরাষ্ট্রের ভ্রমণ বিধিনিষেধের জন‍্য বিশ্বকাপে নিদারুণ ভোগান্তিতে পড়তে হচ্ছে ইরানের। দলটির বেইস ক‍্যাম্প মেক্সিকোয় কিন্তু তিনটি ম‍্যাচ খেলতে হয়েছে যুক্তরাষ্ট্রে। 

মিশরের বিপক্ষে ম‍্যাচের আগে বিধিনিষেধ একটু শিথিল করে যুক্তরাষ্ট্র। এতে ম‍্যাচ খেলার জন‍্য দুই আগে ভেন‍্যু শহরে যাওয়ার সুযোগ পায় ইরান। তবে সার্বিক পরিস্থিতি মানতেই পারছেন না দেশটির কোচ গালেনোই।

“স্বাগতিক দেশ আমাদের সঙ্গে খুবই অন‍্যায‍্য আচরণ করেছে। যদি তারা আমাদের দুই সপ্তাহ আগে আসার সুযোগ দিত, আরও বেশি প্রস্তুতির সুযোগ দিত… আমরা আরও ভালো অবস্থায় থাকতাম, শারীরিক ও মানসিকভাবে। যাইহোক, তারা আমাদের সেই ন‍্যায়বিচার থেকে বঞ্চিত করেছে।”

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা জবাব দেয় ইরান। 

ওই পরিস্থিতিতে ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে জাগে সংশয়। নিজেদের ম‍্যাচ মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানায় ইরান। মার্চে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেন, ‘নিজেদের জীবনের নিরাপত্তার জন‍্যই’ ম‍্যাচের মধ‍্যবর্তী সময়ে ইরান দলের যুক্তরাষ্ট্রে থাকা উচিত হবে না। 

ম‍্যাচের শেষ দিকে মিশরের জালে বল পাঠায় ইরান। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে অফসাইডের জন‍্য গোল পায়নি তারা। ওই গোল হলে সরাসরি শেষ বত্রিশে জায়গা করে নিত দেশটি। এখন শঙ্কা নিয়ে অপেক্ষা করছেন গালেনোই। ফিফার প্রতি একটি দাবি জানালেন তিনি।

“আমি ভেবেছিলাম, আমরা কেবল পুরোপুরি নিপীড়িত একটি দল। কিন্তু এই তিন ম‍্যাচের পর আমি লক্ষ‍্য করলাম, আমাদের একই সঙ্গে কপালও খারাপ।”

“ফিফার প্রতি আমার দাবি, ভবিষ‍্যতে আর কখনও কোনো দলের সঙ্গে যেন এই আচরণ করতে না পারে স্বাগতিকরা।”

তিহুয়ানায় ফিরে গিয়ে তিনটি গ্রুপের তিনটি ম‍্যাচের দিকে নজর রাখবেন গালেনোই।

“যদি সৃষ্টিকর্তা চান, আমরা এগিয়ে যাব। আমি ওদের যথাযথ রিকোভারির সুযোগ দেব। মানসিকভাবে সতেজ থাকার জন‍্য ওরা হয়তো সমুদ্র সৈকতে যাবে।”   

যদি অস্ট্রিয়া ও আলজেরিয়ার ম‍্যাচ ড্র হয়, উজবেকিস্তানকে হারায় ডিআর কঙ্গো এবং ঘানার সঙ্গে হার এড়ায় ক্রোয়েশিয়া তাহলে বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ইরান।