২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোল্যান্ড ম্যাচের আগে দেশমের ‘দুঃখ’

এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে এখনও ফ্রান্সের কেউ জালের দেখাই পায়নি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2024, 08:17 AM

Updated : 26 Aug 2026, 09:51 AM

দুই ম্যাচে একটি করে জয় ও ড্র। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিলে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ফ্রান্স। যদিও দলটির কেউ এখনও পায়নি জালের দেখা! পোল্যান্ড ম্যাচের আগে প্রশ্নটা তাই উঠছেই- দিদিয়ে দেশমের দুঃখ ভোলোবে কে?

গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী মঙ্গলবার পোল্যান্ডের মুখোমুখি হবে ফ্রান্স। দুই দলের সবশেষ ম্যাচের স্মৃতি অবশ্য ফরাসিদের জন্য সুখের। কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার পথে শেষ ষোলোয় পোলিশদের ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল ফ্রান্স। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন কিলিয়ান এমবাপে।

ডর্টমুন্ডে পোল্যান্ডের বিপক্ষে ম্যাচে এমবাপের খেলা নিয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি এখনও। অস্ট্রিয়ার বিপক্ষে তাদের আত্মঘাতী গোলে দলের জয়ের ম্যাচে নাক ভেঙেছিল এই ফরোয়ার্ডের। পরে নেদারল্যান্ডসের বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচে খেলা হয়নি তার।

মাঠে ফেরার ইঙ্গিত অবশ্য ভালোভাবেই দিয়েছেন এমবাপে। গত শনিবার জার্মানির ক্লাব পাডেরবোনের অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে খেলা প্রস্তুতি ম্যাচে জোড়া গোল করার পাশাপাশি বেঁধে দেন আরও দুই গোলের সুর। 

‘ডি’ গ্রুপে ফ্রান্সের সমান পয়েন্ট নিয়ে বেশি গোল দেওয়ার সুবাদে শীর্ষে আছে নেদারল্যান্ডস। এই গ্রুপের সেরা দল পরের ধাপে মুখোমুখি হবে ‘এফ’ গ্রুপের রানার্সআপ দলের, এ মুহূর্তে তুরস্ক আছে টেবিলে দ্বিতীয় স্থানে।

‘ডি’ গ্রুপের রানার্সআপ দলকে শেষ ষোলোয় লড়তে হবে ‘ই’ গ্রুপের রানার্সআপ দলের। তিন করে পয়েন্ট ‘ই’ গ্রুপের চার দল রোমানিয়া, বেলজিয়াম, স্লোভাকিয়া ও ইউক্রেইনের।

ফ্রান্স নিজেদের গ্রুপে তৃতীয় হয়ে পরের ধাপে উঠলে শেষ ষোলোয় তাদের মুখোমুখি হতে হবে ইংল্যান্ড কিংবা স্পেনের। মানে পোল্যান্ড ম্যাচে পা হড়কালেই নকআউট পর্বের শুরুতে কঠিন পরীক্ষায় বসতে হবে দেশমের দলকে।

কাগজে-কলমে পোল্যান্ড অবশ্য ফরাসিদের জন্য দূর্ভেদ্য দেয়াল নয়। চলমান ইউরোতে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়ার বিপক্ষে হেরে এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি পোলিশরা। গ্রুপ টেবিলেও রয়েছে তলানিতে। বিদায়ও নিশ্চিত হয়ে গেছে।

কিন্তু দেশমের চিন্তার অন্ত নেই। গত দুই ম্যাচে নষ্ট হওয়া সুযোগগুলো নিয়ে বিশ্বকাপ জয়ী এই কোচ আড়াল করেননি নিজের হতাশা।

“আমার কেবল একটাই দুঃখ, যতগুলো সুযোগ আমরা তৈরি করলাম, (তার কোনোটাই কাজে লাগাতে পারলাম না), কথা হচ্ছে আমরা এখনও জিতিনি (নিজেদের গোলে)।”

প্রশ্নটাও এখানে, গোলের জন্য দেশমের ‘দুঃখ’ ভোলাবে কে? এমবাপের খেলা নিয়ে সংশয় কাটেনি, তাহলে কে আসবে পোল্যান্ড ম্যাচে ত্রাতা হয়ে?