২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিনিসিউস-এমবাপের পেনাল্টি কাণ্ডে সমস্যা নেই কোচের

হ্যাটট্রিকের সুযোগ থাকলেও কিলিয়ান এমবাপে নিজে পেনাল্টি না নিয়ে সুযোগ দেন ভিনিসিউস জুনিয়রকে, কিন্তু সেটি কাজে লাগাতে পারেননি ব্রাজিলিয়ান তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 11:25 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

উদগ্রীব হয়ে তাকিয়ে ছিলেন শাবি আলোন্সো। ভালেন্সিয়া গোলকিপার বল ঠেকিয়ে দিতেই মাথা ঘুরিয়ে ফেললেন রেয়াল মাদ্রিদ কোচ। উঠে দাঁড়ালেন আসন থেকে। মুখভঙ্গি আর শরীরী ভাষায় হতাশা স্পষ্ট। পেনাল্টি হাতছাড়া হওয়ায় বিরক্তি লুকালেন না তিনি। তবে শেষ পর্যন্ত কোচের সেই আক্ষেপ ভেসে গেল দলের বড় জয়ের স্রোতে।

লা লিগার ম্যাচটিতে শনিবার ভালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেয় রেয়াল মাদ্রিদ। ব্যবধান বড় হতে পারত আরও, যদি ওই পেনাল্টি কাজে লাগাতে পারতেন ভিনিসিউস জুনিয়র।

পেনাল্টি নিয়ে মূল কাহিনী অবশ্য এখানে নয়। রেয়াল মাদ্রিদের পেনাল্টি নেওয়ার দায়িত্ব কিলিয়ান এমবাপের। আগেও সেটি পরিষ্কার করে দিয়েছেন কোচ আলোন্সো। তবে আগেও ভিনিসিউসকে পেনাল্টি নিতে দিয়েছেন এমবাপে। তার পরও এবারের ঘটনায় একটু ভিন্ন মাত্রা আছে। এমবাপে নিজেই যে তখন ছিলেন হ্যাটট্রিকের মুখে!

ঘরের মাঠে এমবাপের পেনাল্টি গোলেই ১৯তম মিনিটে এগিয়ে যায় রেয়াল। পরে ৩১তম মিনিটে আরেকটি গোল করেন দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি ফরোয়ার্ড। 

এর মিনিট দশেক পর আবার পেনাল্টি পায় রেয়াল। হ্যাটট্রিকের হাতছানি উপেক্ষা করে ভিনিসিউসকে বল এগিয়ে দেন এমবাপে। কিন্তু ব্রাজিলিয়ান তারকা শট নেন গোলকিপারের সোজাসুজি, যা ফেরাতে তার সমস্যা হয়নি খুব একটা। ফিরতি বলে শট নেন ছুটে আসা ফেদে ভালভের্দে, যা আবার ঠেকিয়ে দেন গোলকিপার।

একটু পরই অবশ্য গোল করে ব্যবধান বাড়ান জুড বেলিংহ্যাম। ৮২তম মিনিটে দুর্দান্ত গোল করেন আলভারো কাররেরাস। 

ভিনিসিউস পেনাল্টিতে ব্যর্থ হওয়ার পর আলোন্সোর সেই প্রতিক্রিয়া নিয়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্ন ছুটে যায় রেয়াল মাদ্রিদ কোচের দিকে। তিনি ব্যাখ্যা দেন।

“(অমন প্রতিক্রিয়া) সুযোগ হাতছাড়ার কারণে… প্রথমার্ধের শেষ দিকে সুযোগটি হাতছাড়া হওয়ার কারণে। গোলটি হলে তখনই ৩-০ হতে পারত। সৌভাগ্যবশত, একটু পরই জুড গোল করেছে। আমার প্রতিক্রিয়া ছিল ওই সময়ে ৩-০ না হওয়ায় হতাশায়। তবে এখন ওসব শেষ…।”

তার হতাশার শেষ হলেও পেনাল্টি নিয়ে প্রশ্নের শেষ হয়নি তখনই। 

“পেনাল্টি কে নেবে, সেটি আমরা ঠিক করে দিয়েছি। প্রথম দায়িত্ব কিলিয়ানের… এরপর মাঠে তারা কী করবে, সেটা তাদের সিদ্ধান্ত।”

“আমি চাইব, তারা যেন পেনাল্টি কাজে লাগাতে পারে। এটি তো গোল করার ভালো সুযোগ। প্রথম পেনাল্টি থেকে কিলিয়ান গোল করেছে, দ্বিতীয়টিও গোল হলে ভালো লাগত। তবে সমস্যা নেই। এটা বড় কিছু নয়।”

কদিন আগে বার্সেলোনার বিপক্ষে ভিনিসিউসকে তুলে নেওয়ার পর তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া নিয়ে জলঘোলা কম হয়নি। আলোচনা-সমালোচনার মুখে পরে ক্ষমা প্রার্থনাও করেন ব্রাজিলিয়ান তারকা। ভালেন্সিয়ার বিপক্ষে তাকে তুলে নেওয়া হয় ৭৯তম মিনিটে। এবার অপ্রীতিকর কিছু হয়নি। বের হওয়ার সময় কোচের সঙ্গে হাত মেলান তিনি।

পেনাল্টিতে ব্যর্থ হলেও ভিনিসিউসের পারফরম্যান্সে খুশি কোচ, “সে খুব ভালো একটি ম্যাচ খেলেছে।”

এই জয়ে ১১ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সংহত করেছে রেয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ভিয়ারেয়ালের পয়েন্ট ২৩, এক ম্যাচ কম খেলে বার্সেলোনার ২২।