আসরে প্রথম গোলে আলি দাইয়িকে ছাড়িয়ে মেসি, সামনে কেবল রোনালদো
কোপা আমেরিকার সেমি-ফাইনালে জালের দেখা পাওয়া আর্জেন্টিনা অধিনায়কের গোল এখন ১০৯টি।
একটি শট গেল ডানপাশের পোস্ট ঘেঁষে, আরেকটি বেরিয়ে গেল বাম পাশের পোস্ট ঘেঁষে! ক্রসবারের ওপর দিয়ে গেল আরেকটি শট। মনে হচ্ছিল কোপা আমেরিকার চলতি আসরে লিওনেল মেসির গোলের অপেক্ষার প্রহর আরও বাড়বে। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পেলেন আর্জেন্টিনা অধিনায়ক। তিনি ছাড়িয়ে গেলেন আলি দাইয়িকে। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল কেবল ক্রিস্তিয়ানো রোনালদোর।
বাংলাদেশ সময় বুধবার সকালে সেমি-ফাইনালে কানাডাকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। ৫১তম মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন মেসি।
ডি বক্সের মাথা থেকে জোরাল শট করেছিলেন এনসো ফের্নান্দেস। ঠিক দিকেই ঝাঁপ দিয়েছিলেন গোলরক্ষক মাক্সিম ক্রেপু। কিন্তু মাঝপথে চমৎকার রিফ্লেক্সে পা ছুঁয়ে একটু দিক পাল্টে দেন মেসি। ক্রেপু কাঁধের দিকটায় লেগেও বল জড়ায় জালে!
ভিএআর পরীক্ষা করে সবুজ সংকেত দেওয়ার পর গোলের বাঁশি বাজান রেফারি। কানডার একজন খেলোয়াড়ের জন্য অনসাইডেই ছিলেন মেসি।
কোপা আমেরিকার এটি আর্জেন্টিনা অধিনায়কের চতুর্দশ গোল। তার চেয়ে বেশি গোল আছে কেবল চার জনের।
লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড আরেকটু এগিয়ে নিলেন মেসি। সব মিলিয়ে ছয়টি ভিন্ন আসরে গোল পেলেন তিনি।
গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করে দাইয়ির পাশে বসেছিলেন মেসি। ইরানের সাবেক স্ট্রাইকার ১০৮ গোল করেছিলেন ১৪৮ ম্যাচে।
মেসির ১০৯ গোল হলো ১৮৬ ম্যাচে।
চূড়ায় থাকা পর্তুগিজ মহাতারকা ১৩০ গোল করেছেন ২১২ ম্যাচে।
