Published : 12 Aug 2025, 09:33 PM
পিএসজি ছাড়তে পারেন জানলুইজি দোন্নারুম্মা, গণমাধ্যমে চউর হয়েছে এমন খবর। চলমান গুঞ্জনের মাঝে উয়েফা সুপার কাপের স্কোয়াডে তারকা এই গোলরক্ষককে রাখেনি ফরাসি ক্লাবটি।
আগামী বুধবার টটেনহ্যামের মুখোমুখি হবে পিএসজি। আগের দিন ম্যাচটির জন্য ২০ জনের দল ঘোষণা করেছেন কোচ লুইস এনরিকে।
২০২১ সালে এসি মিলান থেকে পিএসজিতে যোগ দেন দোন্নারুম্মা। সময়ের সঙ্গে দলটির প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে ওঠেন তিনি। গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জয়ের পথে গ্লাভস হাতে রাখেন বড় ভূমিকা।
চারবার লিগ আঁ জয়ের স্বাদ পাওয়া দোন্নারুম্মার সঙ্গে আগামী বছর পর্যন্ত চুক্তি রয়েছে পিএসজির। ফরাসি গণমাধ্যমের খবর, ইতালিয়ান এই গোলরক্ষক এবারের গ্রীষ্মেই পাড়ি দিতে পারেন নতুন ঠিকানায়।
পিএসজি অবশ্য এরই মধ্যে ২৬ বছর বয়সী দোন্নারুম্মার বিকল্প দলে যোগ করে রেখেছে। লিল থেকে ফরাসি গোলরক্ষক লুকাস শুভালিয়েকে টেনেছে তারা। গত মৌসুমে লিগ আঁর সেরা গোলরক্ষকের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ক্লাবটি।