দলের আক্রমণাত্মক ফুটবলে সন্তুষ্ট লিভারপুল কোচ
আক্রমণের পাশাপাশি রক্ষণও ভালোভাবে সামলাতে পারায় আরও বেশি খুশি আর্না স্লট।
প্রিমিয়ার লিগে আগের ম্যাচে শক্তিতে পিছিয়ে থাকা নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হেরে যাওয়াটা ছিল অনেক বড় ধাক্কা। বিব্রতকর ওই পরাজয়ে পেয়ে বসা কিছুটা চাপ বোর্নমাউথ ম্যাচে যেন তুড়ি মেরে উড়িয়ে দেয় লিভারপুল। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে কোণঠাসা করে রেখে তুলে নেয় দাপুটে জয়। দলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত কোচ আর্না স্লট।
ঘরের মাঠ অ্যানফিল্ডে শনিবার বোর্নমাউথকে ৩-০ গোলে হারায় লিভারপুল। লিগে এর আগের রাউন্ডে নটিংহ্যামের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ওটাই তাদের একমাত্র হার।
নটিংহ্যামের বিপক্ষে হারের তিন দিনের মধ্যেই অবশ্য জয়ের পথে ফিরেছিল লিভারপুল; নতুন চেহারার চ্যাম্পিয়ন্স লিগে এসি মিলানকে তাদেরই মাঠে ৩-১ গোলে হারিয়ে দেয় তারা। লিগে ফিরেও একই রূপে দেখা গেল দলটিকে।
বোর্নমাউথের বিপক্ষে এদিন লিভারপুল তিনটি গোলই করে প্রথমার্ধে। ২৬ থেকে ২৮ মিনিটের মধ্যে দুইবার বল জালে পাঠিয়ে দলকে চালকের আসনে বসান লুইস দিয়াস। ৩৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ান দারউইন নুনেস।
লিভারপুলের আক্রমণের ঝড় সামলে উঠতে পারেনি বোর্নমাউথ। স্লট অবশ্য প্রশংসা করলেন প্রতিপক্ষের দৃঢ় মানসিকতার। নিজের দলের আগ্রাসী পারফরম্যান্স বেশি ভালো লেগেছে তার।
“যতটা সহজ দেখাচ্ছে, গোল করা ততটা সহজ ছিল না। আমি মনে করি বোর্নমাউথও লড়াইয়ে ছিল, ৩-০ গোলে পিছিয়ে থাকা সত্ত্বেও তারা লড়াই করে গেছে, শেষ পর্যন্ত চালিয়ে গেছে, এমনটা আপনি খুব বেশি দেখতে পাবেন না।”
“যেভাবে আমরা ম্যাচটি শুরু করেছিলাম, সেটা আমার অনেক ভালো লেগেছে, আমরা আক্রমণাত্মক ছিলাম। ১-০ গোলে এগিয়ে যাওয়ার আগেও আমরা যথেষ্ট সুযোগ তৈরি করেছিলাম এবং শেষ পর্যন্ত আমরা দৃঢ়ভাবে রক্ষণও সামলেছি, এর প্রয়োজন ছিল।”
মাঠে নেমে দল পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছে, এতে খুব খুশি তিনি। তবে এখনও অনেক কাজ করতে হবে বলে মনে করছেন ইয়ুর্গেন ক্লপের স্থলাভিষিক্ত হওয়া এই ডাচ কোচ।
“এ কারণেই আমরা অনুশীলনে কাজ করছি, দলের কাছ থেকে সেরাটা বের করে আনতে এবং খেলোয়াড়দের ব্যক্তিগত সেরাটাও পাওয়ার জন্য। তাদের বুঝতে হবে যে, আমরা সবাই পরস্পরের সঙ্গে সম্পর্কিত।”
আপাতত লিগে পাঁচ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলা ম্যনচেস্টার সিটির পয়েন্টও ১২, তারা আছে দ্বিতীয় স্থানে।
