ভারতের বিপক্ষে হেরে বিদায় বাংলাদেশের
এশিয়ান বিচ গেমসের কাবাডি ইভেন্টে ২০১২ সালের পর পদক পাওয়ার তৃপ্তি অবশ্য সঙ্গী হয়েছে বাংলাদেশের।
দিনের শুরুতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর, নেপালের বিপক্ষে হারল বাংলাদেশ। এরপর সেমি-ফাইনালে একপেশে লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে পেল হারের তেতো স্বাদ। বিবর্ণ একটি দিন কাটিয়ে এশিয়ান বিচ গেমস কাবাডির মেয়েদের বিভাগে সেমি-ফাইনাল থেকে ঝরে গেল বাংলাদেশ।
কিছুটা তৃপ্তি অবশ্য সঙ্গী হয়েছে বাংলাদেশের। সেমি-ফাইনাল খেলার সুবাদে ১৪ বছর পর, এই ইভেন্টে পদক পেয়েছে তারা। ২০১২ সালে চীনের হাইয়াংয়ে অনুষ্ঠিত আসরে রুপালি-মালেকাদের হাত ধরে ব্রোঞ্জ পেয়েছিল বাংলাদেশ। এবারও ব্রোঞ্জেই তুষ্ট থাকতে হলো।
চীনের সানিয়ায় রোববার দুটি ম্যাচ খেলে স্মৃতি-শ্রাবণীরা। শুরুতে নেপালের বিপক্ষে ‘বি’ গ্রুপের সেরা হওয়ার লড়াইয়ে নেমেছিল দল। জমজমাট লড়াই হয় দুই অর্ধেই। ১৯-১৭ পয়েন্টে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ। এই ২ পয়েন্টের ব্যবধান দ্বিতীয়ার্ধেও ঘোঁচাতে পারেনি দল। ৩৮-৩৬ পয়েন্টে হেরে হয় গ্রুপ রানার্সআপ।
এরপর সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে তেমন কোনো প্রতিরোধই গড়তে পারেনি বাংলাদেশ। ৭ পয়েন্টে পিছিয়ে থেকে বিরতিতে যায় দল। দ্বিতীয়ার্ধে সময় গড়ানোর সাথে সাথে ব্যবধানও বাড়তে থাকে। শেষ পর্যন্ত বাংলাদেশ হেরে যায় ৫০-৩১ পয়েন্টে।
ছেলেদের পাঁচ কিলোমিটার সাঁতারে বাংলাদেশের ফয়সাল আহমেদ ১ ঘণ্টা ৩ মিনিট ২৭.৮ সেকেন্ড সময় নিয়ে ২৮ জনের মধ্যে ২৩তম হয়েছে।
ছেলেদের হ্যান্ডবলেও নেই সুখবর। প্রিলিমিনারি রাউন্ডে দিনের দুই ম্যাচে ওমানের বিপক্ষে ২০-০৮, ২১-০৮ এবং মঙ্গোলিয়ার বিপক্ষে ২২-১৭, ২৪-০৬ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
