Published : 03 Dec 2025, 08:44 PM
ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপে ফের আলো ছড়াতে যেন তর সইছে না এমিলিয়ানো মার্তিনেসের। আর্জেন্টিনার এই গোলরক্ষক বলেছেন, গতবারের চেয়ে এবার আরও বেশি রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় আছেন তিনি।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপের বাকি এখনও ৬ মাস। তবে বাছাই পর্ব প্রায় শেষ পর্যায়ে। ৪২টি দল চূড়ান্ত হয়েছে এর মধ্যে। বাংলাদেশ সময় আগামী শুক্রবার রাত ১১টায় হবে ড্র।
এর আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের একটা অনুষ্ঠানে ভিডিও বার্তায় ৩৩ বছর মার্তিনেস বললেন, চূড়ান্ত পর্বের জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন তিনি।
“আমি একা নই, গত আসরে যারা খেলেছে তাদের বেশিরভাগই রোমাঞ্চিত হয়ে আছে, সবার মাঝে বাড়তি উত্তেজনা কাজ করছে, এটা এমন এক অনুভূতি যা ব্যাখ্যা করা কঠিন। তবে গত আসরের চেয়ে এবারেরটা নিয়ে আমি বেশি রোমাঞ্চিত।”
“ব্যক্তিগত পুরস্কার জয় কিংবা নিজের ক্লাবের হয়ে শিরোপা জয় যেন প্রাপ্তিকে আরও উপভোগ্য করে তোলে। তবে আমার পুরো ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবসময়ই আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলা।”
অ্যাস্টন ভিলার মার্তিনেস এখনও আর্জেন্টিনার পোস্টে অপ্রতিদ্বন্দ্বী। গত কয়েক বছরে আর্জেন্টিনার তিনটি বড় শিরোপা জয়েই আছে তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০২২ বিশ্বকাপের ফাইনালে টাইব্রেকারে দলকে জেতানোর আগে-পরে দুটি কোপা আমেরিকার ফাইনালেও দুর্দান্ত সব সেভ করে দলের শিরোপা জয়ের রাখেন অবদান।
২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতে শিরোপা ধরে রাখে আর্জেন্টিনা। সেই ম্যাচে পাঁচটি সেভ করেন তিনি। ক্লাব ফুটবলেও নিয়মিত দুর্দান্ত সব সেভ করেন মার্তিনেস, তবে জাতীয় দলে তিনি যেন প্রায় অপরাজেয়।
এর আগে ২০২২ বিশ্বকাপে শেষ আটে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে বীরত্ব দেখান মার্তিনেস। ফ্রান্সের বিপক্ষে ফাইনালেও করেন এর পুনরাবৃত্তি। সেই ম্যাচের অতিরিক্ত সময়ের শেষ দিকে রান্দাল কোলো মুয়ানির শট ঠেকিয়ে দলকে ম্যাচে রাখেন তিনি। আর্জেন্টিনার জার্সি গায়ে চাপালেই যেন পাল্টে যান মার্তিনেস।
“যখন জাতীয় দলে খেলি, আমার মনে হয় যে, বল জালে যাবে না। আমার পেছনে থাকে পুরো দেশ এবং আমার পরিবার।”
অ্যাস্টন ভিলার হয়ে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ১১ ম্যাচের চারটিতে জাল অক্ষত রেখেছেন মার্তিনেস। সব মিলিয়ে ভীষণ ব্যস্ত সূচি হলেও বিশেষ শারীরিক সুবিধা থাকায় বিশ্বকাপে সম্পূর্ণ প্রস্তুত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।