ভারত ম্যাচ নিয়ে অনুশীলনে ‘সিরিয়াস’ আমরা, বললেন রাকিব
অনুশীলনে জামাল-মিতুলদের ভীষণ অনুপ্রাণিত দেখছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ হাসান আল মামুন।
দ্বিতীয় দিনে হয়েছিল আক্রমণাত্মক ফুটবলের অনুশীলন। সোমবার তৃতীয় দিনের প্রস্তুতিতে সেই কৌশল আরও শাণিয়ে নেওয়ার কাজও হলো। আক্রমণভাগের নির্ভরতা রাকিব হোসেন জানালেন, ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে অনুশীলনে ভীষণ মনোযোগী তারা।
প্রস্তুতিতেই খেলোয়াড়দের মধ্যে অন্যরকম উন্মাদনা, অনুপ্রেরণা দেখছেন হাসান আল মামুন। জাতীয় ফুটবল দলের এই সহকারী কোচের বিশ্বাস, হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলাম যুক্ত হলে দলের গভীরতা বাড়বে আরও। এই দুই প্রবাসী প্রস্তুতিতে যোগ দেওয়ার আগে বর্তমান খেলোয়াড়দের ঠিকঠাক তৈরি করে নিতে চান তিনি।
বসুন্ধরা কিংস অ্যারেনায় সোমবার প্রস্তুতির ফাঁকে অনুশীলন নিয়ে সন্তুষ্টির কথা জানালেন রাকিব। কোচ হাভিয়ের কাবরেরা গত দুই দিনে পরিকল্পনা বুঝিয়ে দিয়েছেন বলেও জানালেন এই ফরোয়ার্ড।
“আমরা যখন ক্যাম্প শুরু করি, প্রথমে এই ২০ দিনে যে কাজগুলো হবে সেগুলো নিয়ে কথা বলেছেন কোচ। আমাদের কি লক্ষ্য, প্র্যাকটিস সেশন, মিটিংয়ে সব কিছু বলে দিয়েছেন। গত দুই দিন অনুশীলন হয়েছে। গতকাল অ্যাটাকিং প্র্যাকটিস হয়েছে। খুব ভালো হয়েছে।”
“আমি জানি ভারত অনেক শক্তিশালী। নিজেদের মাঠে ভারত আরও শক্তিশালী। কোচ সেভাবেই পরিকল্পনা সাজাচ্ছেন। টিম মিটিং, জিম, সবখানে সিরিয়াস থাকার কথা বলেছেন। আমরাও সিরিয়াস। যদি কোচের পরিকল্পনামতো খেলতে পারি এবং এক সঙ্গে সবাই পরিশ্রম করতে পারি, ইনশাল্লাহ ভালো কিছু হবে।”
প্রস্তুতির এই অংশে দলের সঙ্গে না থাকলেও আলোচনায় থাকছেন দুই প্রবাসী ফুটবলার হামজা চৌধুরী ও ফাহামেদুল ইসলাম। অল্প সময়ে দুজনের দলের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে কোনো সমস্যা দেখছেন না রাকিব।
“হামজা ভাই অনেক ভালো খেলোয়াড়। উনার খেলা অনেক দেখেছি। কারণ ইংলিশ প্রিমিয়ার লিগ অনেক দেখা হয় এবং ফাহমিদুল অনেক ভালো ফুটবলার। ওরা এলে আমাদের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হবে।”
প্রস্তুতির এই অংশে হামজা ও ফাহামেদুলের সাথে রাকিব-মিতুলদের মানিয়ে নেওয়ার দিকেও বাড়তি মনোযোগ দেওয়া হচ্ছে বলে জানালেন হাসান আল মামুন।
“ভারতের বিপক্ষে আমরা ফিট একটা দল পেতে চাই। ফুটবলাররা অনুপ্রাণিত। ওরা জানে, ভারতের সঙ্গে বরাবর একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়। সেটার জন্য ফুটবলাররা জানে কার কার কি দায়িত্ব। সবাই উদ্দীপ্ত।”
“এই দলের সাথে হামজা ও ফাহমিদুল যোগ হবে। ওদের সঙ্গেও মানিয়ে নিতে হবে এদের। এরাও (বর্তমানে ক্যাম্পে থাকারাও) চাচ্ছে নিজেদের সেরাটা দিয়ে তাদেরকে স্বাগত জানাতে। আমি যা দেখেছি, সব দিক থেকে এ যাবতকালে আমাদের বেস্ট ফোকাসড টিম এটি। হামজার সঙ্গে মানিয়ে নেওয়াটা এখানে চ্যালেঞ্জ। আমার মনে হচ্ছে, মানিয়ে নিতে পারবে।”
