২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

রেয়াল মাদ্রিদে কোনো চাপ অনুভব করছেন না ডিওমান্ডে

নিজের সামর্থ‍্যে প্রবল আস্থা রেখে ইউরোপের সফলতম ক্লাবে সাফল‍্য পাওয়ার ব‍্যাপারে আশাবাদী এই তরুণ।

রেয়াল মাদ্রিদে কোনো চাপ অনুভব করছেন না ডিওমান্ডে
ইয়ান ডিওমান্ডে। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 10:20 PM

Updated : 19 Sep 2026, 02:29 PM

রেকর্ড ট্রান্সফার ফিতে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়া ইয়ান ডিওমান্ডে বলেছেন, ইউরোপের সফলতম ক্লাবে এসে কোনো চাপ অনুভব করছেন না তিনি। জোসে মরিনিয়োর কোচিংয়ে সাফল‍্য পাওয়ার ব‍্যাপারে আশাবাদী আইভরি কোস্টের এই তরুণ উইঙ্গার।  

স্পোর্টি টিভির সঙ্গে আলাপচারিতায় লাইপজিগ থেকে রেয়ালে যোগ দেওয়া, মরিনিয়োর কোচিংয়ে খেলাসহ নানা বিষয়ে কথা বলেন ডিওমান্ডে। 

“মরিনিয়ো প্রখর ব‍্যক্তিত্বের একজন মানুষ, যা আমাদের জন‍্য ভালো। কারণ, তারুণ‍্যে আপনি এক সঙ্গে অনেক কিছু করতে চাইতে পারেন, কখনও কখনও মনোযোগ হারাতে পারেন। আমি মনে করি, তরুণ খেলোয়াড় হিসেবে নিজের উন্নতির ধারা বজায় রাখতে আমার জন‍্য তিনি সঠিক কোচ।

তার সঙ্গে প্রথমবার কথা বলার সময় আমি অবাক হয়েছিলাম, কারণ তিনি ফরাসি ভাষায় কথা বলছিলেন। আমার মনে হয়, পর্তুগালে তখন সময় ছিল পাঁচটা (এএম)। সে সময় উঠে তিনি আমার সঙ্গে কথা বলেন। তাই এর অর্থ আমি গুরুত্বপূর্ণ ছিলাম। যখন মাদ্রিদ থেকে ডাক আসবে, তখন না বলতে পারবেন না।”  

রেয়াল বা লাইপজিগ কোনো ক্লাবই এই দলবদলের আর্থিক বিবরণ প্রকাশ করেনি। তবে স্প‍্যানিশ গণমাধ‍্যমের খবর অনুযায়ী, এই চুক্তির মূল‍্য ১২ কোটি ৫০ লাখ ইউরো পর্যন্ত হতে পারে। এর মঙ্গে এক থেকে দেড় কোটি ইউরো বোনাস হিসেবে যুক্ত হতে পারে। ডিওমান্ডে আত্মবিশ্বাসী, দলবদলে এত বিপুল অর্থে খরচ তার পারফরম‍্যান্সে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। 

“আমার জন‍্য রেয়াল মাদ্রিদ প্রচুর অর্থ খরচ করেছে, তবে আমি কোনো চাপ অনুভব করছি না। কেন আমি ভয় পাব? আমার ওপর আস্থা আছে বলেই তারা এতে অর্থ ব‍্যয় করেছে। আমি সেটাই করব যেটা আমি করি, বাকিটা ঈশ্বরের হাতে।”