‘সালাহর মতো ফুটবলাররা গোল করবেই’, লিভারপুল কোচের বিশ্বাস
মাঝে কয়েক ম্যাচে গোল না পেলেও মোহামেদ সালাহর সামর্থ্য নিয়ে ন্যুনতম সন্দেহ নেই লিভারপুল কোচ আর্না স্লটের।
টানা তিন ম্যাচ গোলখরার পর স্বরূপে ফিরেছেন মোহামেদ সালাহ। পরপর তিন ম্যাচে তিনি খুঁজে নিয়েছেন জাল। ছন্দে থাকা ফরোয়ার্ডকে তাই প্রশংসায় ভাসিয়েছেন লিভারপুল কোচ আর্না স্লট।
ঘরের মাঠে বুধবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বোলোনিয়াকে ২-০ গোলে হারায় লিভারপুল। প্রথমার্ধে আলেক্সিস মাক আলিস্তেরের গোলে অবদান রাখার পর দ্বিতীয়ভাগে জোরাল শটে সালাহ নিজেই ব্যবধান বাড়ান।
চ্যাম্পিয়ন্স লিগে সালাহর ৪৯তম গোল এটি। আর চলতি মৌসুমে লিভারপুলের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচে তার গোল হলো ৬টি। এর সঙ্গে অ্যাসিস্ট আছে ৫টি।
ছন্দে থাকা সালাহ মাঝের তিন ম্যাচে পাননি জালের দেখা। এতে মোটেও চিন্তিত ছিলেন না স্লট। ওই তিন ম্যাচ পেরিয়ে সালাহ এবার টানা তিন ম্যাচে গোল করার পর সেই কথাই বলেন লিভারপুল কোচ।
“(লিগ কাপে ওয়েস্ট হ্যাম ম্যাচের) আগে সালাহ ৩টি ম্যাচ খেলেছে। তবে কোনো গোল করতে পারেনি। তো ফুটবলে এমন হতে পারে যে, কখনও আপনি তিন ম্যাচে এক গোল করবেন অথবা একটিও করবেন না।”
“তবে সালাহর মতো ফুটবলারদের আপনি যদি খেলাতে থাকেন, তারা গোল করবেই।”
২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়া সালাহর চুক্তির মেয়াদ চলতি মৌসুম পর্যন্ত। এরই মধ্যে তিনি আভাস দিয়েছেন, মৌসুম শেষে খুঁজে নেবেন নতুন ঠিকানা। তবে এখনই সেটি নিয়ে কথা বলতে চান না স্লট।
“মো আজকে খুব ভালো খেলেছে। এই মুহূর্তে সে যেভাবে খেলছে, আমি খুবই খুশি। এখনই আমি পরবর্তী মৌসুম নিয়ে ভাবছি না।”
আরও ছয় দলের সঙ্গে লিভারপুলেরও পয়েন্ট ৬, গোল ব্যবধানের হিসাবে পঞ্চম স্থানে আছে তারা। শীর্ষে বরুশিয়া ডর্টমুন্ড।
আগামী শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে লিভারপুল।
