১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইয়ামালকে নিয়ে চিন্তিত নন বার্সেলোনা কোচ

হান্সি ফ্লিক মনে করেন, সেরা চেহারার লামিন ইয়ামালকে পেতে পরিশ্রম করতে হবে কোচদের।

ইয়ামালকে নিয়ে চিন্তিত নন বার্সেলোনা কোচ
লামিন ইয়ামাল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2026, 06:16 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

এলচের বিপক্ষে লামিন ইয়ামালকে চেনা ছন্দে দেখা না গেলেও, তা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন হান্সি ফ্লিক। বার্সেলোনা কোচ আশাবাদী, স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড সময় গড়ানোর সঙ্গে ফিরবেন সেরা ফর্মে।

এলচের বিপক্ষে ৫-০ ব‍্যবধানের জয় দিয়ে লা লিগা শিরোপা ধরে রাখার অভিযান শুরু করা বার্সেলোনা এবার খেলবে আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। বাংলাদেশ সময় শুক্রবার ১টায় (এএম) শুরু হবে ম‍্যাচ। এর আগে বুধবার ফ্লিকের সংবাদ সম্মেলনে এলো ইয়ামালের প্রসঙ্গ। 

তরুণ ফরোয়ার্ডের ওপর আস্থা থাকার কথা ফের বললেন বার্সেলোনা কোচ।

“তার কিছু সমস‍্যা ছিল, তবে আমরা জানি সে দুর্দান্ত এক প্রতিভা। তিন সপ্তাহের ছুটি কাটিয়ে এসে অল্প কিছু দিন কেবল অনুশীলন করতে পেরেছে। সে নিজের সেরা অবস্থায় থাকবে না, এটাই স্বাভাবিক।

“সেরা পর্যায়ে তাকে ফিরিয়ে আনতে আমাদের খাটতে হবে। তবে আমরা খুশি যে সে ৬০ মিনিট খেলেছে এবং আমাদের প্রথম দুটি গোলে ভূমিকা রেখেছে। এটা ভালো ব্যাপার আর এটা আমাদের বদলি খেলোয়াড়ের জন‍্য আরও বিকল্প বাড়াচ্ছে। তাই সে ম‍্যাচে অনেক অবদান রেখেছে। তাকে আমাদের প্রয়োজন, কারণ সে অবিশ্বাস‍্য।”

দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেওয়া হলে সে বিষয়টা বুঝতে পারবেন কিনা, নিশ্চিত নন ফ্লিক। আপাতত এ নিয়ে ভাবছেন না তিনি। তবে মাঠে ইয়ামালের কেমন মনোভাব দেখতে চান, সেটা পরিষ্কার করেছেন কোচ। 

“আমি জানি না, সে পুরো ব্যাপারটা বুঝতে পারবে কিনা। এটা স্বাভাবিক যে, সে খেলতে চায় ও খেলতে ভালোবাসে। যখন আপনি একজন চ‍্যাম্পিয়ন, তখন আপনি সবসময়ই পরের শিরোপার জন‍্য ছুটবেন এবং জিততে চাইবেন। এটাই তার মনোভাব হওয়া উচিত। আমার সব খেলোয়াড়ের মধ‍্যে আমি টানা তৃতীয় লিগ শিরোপার জন‍্য ক্ষুধা দেখি এবং আমরা এর জন‍্য তৈরি।”