বাংলাদেশের দেওয়া সুযোগে আগেভাগে চ্যাম্পিয়ন ভারত
ফলে শেষ রাউন্ডে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার।
ভুটানের বিপক্ষে বাংলাদেশ পয়েন্ট হারানোয় আগেভাগে শিরোপা নিশ্চিত করার সুযোগ চলে আসে ভারতের সামনে। সেটা দারুণভাবে কাজে লাগাল তারা। নেপালকে গুঁড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতে সাফ উইমেন’স অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হল ভারত।
ভুটানের চ্যাংলিমিথাং স্টেডিয়ামে শুক্রবার স্বাগতিকদের সঙ্গে ১-১ ড্র করে বাংলাদেশ। এরপরই সন্ধ্যায় নেপালকে ৫-০ গোলে উঁড়িয়ে শিরোপা উল্লাস সেরে ফেলে ভারত।
চার দল নিয়ে এবারের আসরে খেলা হচ্ছে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে লড়ছে দুবার করে। সেখানে বাংলাদেশের বিপক্ষে প্রথম দেখায় জিতে শিরোপা সম্ভাবনা জোরাল করে ভারত।
টানা পঞ্চম জয়ে এবার লক্ষ্য ছুঁয়ে ফেলল তারা। পাঁচ ম্যাচে শতভাগ সাফল্যে তাদের পয়েন্ট ১৫। ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ।
ফলে শেষ রাউন্ডে বাংলাদেশ-ভারতের দ্বিতীয় ম্যাচটি এখন কেবলই নিয়মরক্ষার। সেদিন আসরের শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপাল ও ভুটান।
