পয়েন্ট হারিয়ে হতাশ আর্তেতা মেনে নিচ্ছেন সব সমালোচনা
দুই গোলে এগিয়ে গিয়েও ম্যাচ জিততে পারেনি আর্সেনাল, পয়েন্ট হারিয়েছে তারা শেষ সময়ে গোল হজম করে।
খুব বেশি দিন আগের কথা নয়, আর্সেনাল এগিয়ে ছিল ৯ পয়েন্টে। এখন সেই পয়েন্টের ব্যবধান ৫, আদতে যা নেমে আসতে পারে ২ পয়েন্টে। পয়েন্ট টেবিলে তাকিয়ে আর্সেনালের জন্য শঙ্কার জায়গা তো আছেই। তবে মিকেল আর্তেতা হতাশ দলের পারফরম্যান্সে। টানা দুটি ম্যাচে ড্রয়ের পর আর্সেনালের কোচ বলছেন, এমন পারফরম্যান্সের পর সব ধরনের প্রশ্ন বা সমালাচনাই গ্রহণযোগ্য।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বুধবার উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে ২ গোলে এগিয়ে গিয়েও ধরে রাখতে পারেনি আর্সেনাল। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোল হজম করে পয়েন্ট তালিকার তলানির দলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে শীর্ষস্থানে থাকা দল।
লিগে আগের ২৬ ম্যাচের ১৯টিতেই হেরে রেলিগেশন একরকম নিশ্চিতই বলা যায় উলভারহ্যাম্পটনের জন্য। ড্র করতে পেরেছিল আগে কেবল ৬ ম্যাচ। সেই দলটিই এবার রুখে দিল শিরোপার আশায় থাকা দলটিকে।
ম্যাচ শেষে হতাশা লুকালেন না আর্তেতা। বিশেষ করে দ্বিতীয়ার্ধের পারফরম্যান্স মেনেই নিতে পারছেন না আর্সেনাল কোচ।
“ম্যাচ যেভাবে শেষ হলো এবং এই ফলাফলে অবশ্যই আমরা প্রচণ্ড হতাশ। তবে দায় আমাদেরই। এই লিগ জয়ের জন্য যে ধরনের পারফরম্যান্স মেলে ধরার প্রয়োজন, দ্বিতীয়ার্ধে এর ধারেকাছে ছিলাম না আমরা। একটির পর একটি মুহূর্ত এসেছে, কিন্তু সত্যি বলতে দুই গোল করলেও আমরা সেভাবে কখনোই দাপট দেখাতে পারিনি ম্যাচে।”
আর্সেনাল কোচ অবশ্য প্রতিপক্ষকেও কৃতিত্ব দিচ্ছেন। তবে বড় দায় মেনে নিচ্ছেন সবটুকুই।
“উলভসকে কৃতিত্ব দিতেই হবে, তাদেরকে খাটো করে দেখার উপায় নেই। আজ আমরা খুব মৌলিক ও সাধারণ কিছু ভুল করেছি এবং এজন্যই বেশি কিছু না বলে এটুকু উপলব্ধি আমাদের হয়েছে, খেলা যখন উন্মুক্ত হয়ে পড়ে, তখন এই ধরনের ব্যাপার ঘটতে পারে।”
"যেকোনো প্রশ্ন, সমালোচনা, মতামত, আজকে সবকিছু আলিঙ্গন করে নিতে হবে। ব্যস। যেকোনো আঘাত সইতে হবে, কারণ কাঙ্ক্ষিত পর্যায়ে খেলতে পারিনি আমরা। যে কেউ যা কিছু বলবে, সবকিছুই সত্যি হতে পারে, কারণ যা করার দরকার ছিল, আমরা করতে পারিনি।”
২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট এখন আর্সেনালের, এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটির পয়েনট ৫৩।
