খেলোয়াড় ও সমর্থকদের কাছে যা চান আর্সেনাল কোচ
ভীষণ গুরুত্বপূর্ণ দুটি ম্যাচের আগে সবার কাছে নিজের প্রত্যাশার কথা জানিয়ে দিলেন আর্সেনাল কোচ।
আর্সেনালের সামনে ভীষণ গুরুত্বপূর্ণ দুই ম্যাচ। একটিতে টিকে থাকার চ্যালেঞ্জ। আরেকটিতে শিরোপা দৌড়ে এগিয়ে যাওয়ার সুযোগ। এই মুহূর্তে দলটির কোচ মিকেল আর্তেতার একটিই চাওয়া- নির্ভীক থেকে নিজেদের সবটা উজাড় করে দিক দল সংশ্লিষ্ট সবাই।
চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে বুধবার ঘরের মাঠে স্পোর্তিংয়ের মুখোমুখি হবে আর্সেনাল। গত সপ্তাহে পর্তুগিজ ক্লাবটির মাঠে প্রথম লেগে কাই হাভার্টজের শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে জিতে এগিয়ে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে আর্সেনালের জয় ওই একটিই। এর আগে-পরে ঘরোয়া তিনটি প্রতিযোগিতাতেই তারা হেরেছে; লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে, এফএ কাপের কোয়ার্টার-ফাইনালে সাউথ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে ও প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে ২-১ গোলে।
প্রিমিয়ার লিগের শিরোপা দৌড়ে আর্সেনালের নিকটতম প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির মাঠে খেলবে তারা আগামী রোববার।
আর্তেতার দায়িত্বের প্রথম মৌসুমে ২০২০ সালে এফএ কাপ জয়ের পর আর কোনো বড় শিরোপার স্বাদ পায়নি আর্সেনাল। প্রিমিয়ার লিগে তাদের শিরোপা খরা পৌঁছে গেছে ২২ বছরে। ফলে ক্লাব ও সমর্থকদের কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে আর্তেতা ও তার দলের ওপর চাপ আরও বেড়েছে।
স্পোর্তিংয়ের বিপক্ষে ফিরতি লেগের আগের দিন সংবাদ সম্মেলনে আর্তেতাকে জিজ্ঞেস করা হয়, খেলোয়াড় ও সমর্থকদের জন্য তার কোনো বার্তা আছে কি না। এই স্প্যানিশ কোচ জানিয়ে দেন তার প্রত্যাশার কথা।
“কোনো ভয় নয়, সত্যিকারের নিবেদন, এটুকুই। এটাই আমি খেলোয়াড়দের কাছ থেকে, লোকেদের কাছ থেকে, এমনকি নিজের কাছ থেকেও দেখতে চাই। অবিশ্বাস্য এক সুযোগ। চলুন এর মুখোমুখি হই, ঝাঁপিয়ে পড়ি এবং নিজেদের সবকিছু উজাড় করে দিই।”
“আমি অনেক স্বপ্ন দেখছি। এই অবস্থানে আসার জন্য অনেক কিছু করেছি, কারণ আমি জানি এই ক্লাবটা কেমন ছিল। সবকিছুর বিরুদ্ধে গিয়ে এত কিছু করেছি যে, এটাই সৌন্দর্য। আমি শুধু সৌন্দর্য, সুযোগ দেখি এবং কাজটা সবার জন্য (সফলভাবে) শেষ করতে চাই, যারা এই যাত্রায় আমাদের সঙ্গে ছিলেন।”
