২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেরা মৌসুমের পুরস্কার পেয়ে রাফিনিয়া শোনালেন স্বপ্নের কথা

অসাধারণ এক মৌসুমের শেষ প্রান্তে এসে বার্সেলোনায় চুক্তি মেয়াদ বাড়ানো হরো ব্রাজিলিয়ান উইঙ্গারের।

সেরা মৌসুমের পুরস্কার পেয়ে রাফিনিয়া শোনালেন স্বপ্নের কথা
নতুন চুক্তির আয়োজনে ক্লাব সভাপতি ও পরিবারের সঙ্গে রাফিনিয়া। ছবি: বার্সেলোনার ফেইসবুক পাতা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2025, 11:11 AM

Updated : 10 Sep 2026, 12:42 PM

চুক্তির মেয়াদের বাকি ছিল আরও দুই বছর। বাড়ানোর খুব তাড়া ছিল না। তবে মৌসুমজুড়ে যেভাবে পারফর্ম করেছেন রাফিনিয়া, সেটির স্বীকৃতি অবশ্যম্ভাবী ছিল! ক্লাবের কাছ থেকে সেই উপহার পেলেন তিনি। বাড়ানো হলো ব্রাজিলিয়ান উইঙ্গারের চুক্তি মেয়াদ। আপ্লুত তারকা বললেন, এই ক্লাবে থাকতে চান ক্যারিয়ারের শেষ পর্যন্ত। 

বার্সেলোনায় রাফিনিয়ার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। এখন তা বাড়ানো হয়েছে আরও এক মৌসুম।

২০২২  সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর সেভাবে প্রত্যাশা পূরণ করতে পারছিলেন না রাফিনিয়া। চোট আর অধারাবাহিক ফর্ম মিলিয়ে সেরা একাদশেই জায়গা পেতে লড়ছিলেন। তাকে নিয়ে হতাশাও বাড়ছিল ক্রমে। তবে হান্সি ফ্লিক কোচ আসার পরই যেন ভোজবাজির মতো বদলে যায় সব।

এই মৌসুমটি তিনি কাটান স্বপ্নের মতো। ক্লাবের তিনটি শিরোপায় তার ছিল বড় অবদান। রবের্ত লেভানদোভস্কি ও লামিনে ইয়ামালের সঙ্গে মিলে গড়ে তোলেন ক্ষুরধার এক আক্রমণভাগ। ক্লাব ক্যারিয়ারের সেরা মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচ খেলে গোল করেন ৩৪টি, গোলে সহায়তা ২৫টি।

নতুন চুক্তির পর উচ্ছ্বসিত ২৮ বছর তারকা বললেন, ক্যারিয়ারের শেষ দিনটি পর্যন্ত এই ক্লাবকেই তিনি আপন করে নিতে চান।

“আমার জন্য এটা খুবই তৃপ্তিদায়ক ও দারুণ স্পেশাল। খুবই খুশি আমি এবং এই ক্লাবে আসার পর থেকেই আমার সবচেয়ে বড় ব্যক্তিগত চাওয়া ছিল সমর্থকদের আনন্দ উপহার দেওয়া।”

“পরিবারের সঙ্গে কথা বলেছি আমি এবং আমার স্বপ্ন হলো ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবেই থাকা। সেটি আমি করতে চাই নিজের সেরা অবস্থায় থেকে।”

বার্সেলোনায় তিন মৌসুমে রাফিনিয়া জিতেছেন দুটি লা লিগা, দুটি স্প্যানিশ সুপার কাপ ও একটি কোপা দেল রে।