২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাম্প নউয়ে ফেরার অপেক্ষা বাড়ল বার্সেলোনার

অনুমতি সংক্রান্ত সমস্যার কারণে প্রিয় আঙিনায় ফেরা আবারও বিলম্বিত হচ্ছে স্প্যানিশ ক্লাবটির।

কাম্প নউয়ে ফেরার অপেক্ষা বাড়ল বার্সেলোনার
অনেক দিন ধরে সংস্কার কাজ চলছে কাম্প নউয়ে। ছবি: বার্সেলোনা ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2025, 12:02 AM

Updated : 26 Aug 2026, 01:24 PM

পরিকল্পনা অনুযায়ী নিজেদের আঙিনা কাম্প নউয়ে ফিরতে পারছে না বার্সেলোনা। আগামী ১০ অগাস্ট হুয়ান গাম্পের ট্রফির লড়াই হবে ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে। 

কাতালান ক্লাবটি শুক্রবার জানিয়েছে, অনুমতি সংক্রান্ত সমস্যার কারণে তাদের কাম্প নউয়ে ফেরা বিলম্বিত হচ্ছে। 

দুই বছরের সংস্কার কাজের পর, কোমোর বিপক্ষে আসন্ন গাম্পের ট্রফির লড়াই দিয়ে কাম্প নউয়ে ফেরার ঘোষণা সম্প্রতি দিয়েছিল বার্সেলোনা।

কিছু প্রয়োজনীয় অনুমতি এরই মধ্যে তারা পেয়ে গেছে, তবে স্টেডিয়ামে প্রবেশ পথের আশেপাশের নিরাপত্তা সংক্রান্ত সমস্যা এখনও রয়ে গেছে।

তাই পরিকল্পনা বদলাতে হয়েছে তাদের। মাত্র ৬ হাজার দর্শক ধারণক্ষমতার ইয়োহোন ক্রুইফ স্টেডিয়ামে খেলে বার্সেলোনার নারী দল। 

২০২৩ সালের মে মাসে সবশেষ কাম্প নউয়ে খেলেছিল বার্সেলোনা। এরপর এখানে ব্যাপক সংস্কার শুরু হয়। অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘স্পটিফাই’-এর সঙ্গে জার্সি ও স্টেডিয়াম স্পন্সরশিপ চুক্তির শর্ত হিসেবে স্টেডিয়ামটির নাম বদলে হয়েছে স্পটিফাই কাম্প নউ।

প্রাথমিকভাবে ২০২৪ সালের নভেম্বরে কাম্প নউয়ে ফেরার পরিকল্পনা করেছিল বার্সেলোনা। কিন্তু সেই তারিখ বারবার পিছিয়ে দেওয়া হয়। এই মাসের শুরুতে ক্লাবটি ঘোষণা দিয়েছিল, গাম্পের ট্রফি দিয়ে স্টেডিয়ামটিতে ফিরবে তারা। ম্যাচটি এখানে হলেও দর্শক ধারণক্ষমতা ২০ থেকে ৩০ হাজার পর্যন্ত সীমাবদ্ধ থাকত। 

২০২৫-২৬ লা লিগা মৌসুমের শুরুতে তিনটি ম্যাচ বার্সেলোনা খেলবে প্রতিপক্ষের মাঠে। গাম্পের ট্রফি দিয়ে কাম্প নউয়ে ফিরতে পারলে, সেপ্টেম্বরের শুরুতে (ভালেন্সিয়ার বিপক্ষে) লা লিগায় নিজেদের প্রথম হোম ম্যাচের আগে এক মাস সময় পেত তারা।  

কাম্প নউয়ের সংস্কার কাজ অবশ্য এখনও শেষ হয়নি। ২০২৬-২৭ মৌসুম শুরুর আগ পর্যন্ত কাজ শেষ হওয়ার তেমন সম্ভাবনা নেই। 

৫০ থেকে ৬০ হাজার আসনে দর্শক রেখে কাম্প নউয়ে ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে ক্লাবটি। আর সূচির মাঝে ফাঁকা সময়ে চলবে সংস্কার।

মাঝের দুই মৌসুমে বার্সেলোনা হোম ম্যাচ খেলেছে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে। কোচ হান্সি ফ্লিকের হাত ধরে গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স মেলে ধরে তারা লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতেছে।