২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়ালের ব্যর্থতায় এমবাপের একার দায় দেখছেন না আনচেলত্তি

রেয়াল মাদ্রিদ কোচের মতে, দলীয় পারফরম্যান্সে ঘাটতির কারণে ধুঁকছেন তারা, কারো একার জন্য নয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2024, 09:03 PM

Updated : 10 Sep 2026, 12:24 PM

প্রত্যাশার ডালি সাজিয়ে রেয়াল মাদ্রিদে এসে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি কিলিয়ান এমবাপে। একের পর এক ম্যাচে কেবল হতাশাই উপহার দিচ্ছেন তিনি। তার নিষ্প্রভ পারফরম্যান্সের নেতিবাচক প্রভাব পড়ছে দলের ওপরও। তবে দলের সাম্প্রতিক ব্যর্থতার দায় কেবল ফরাসি তারকাকে দিতে নারাজ রেয়াল কোচ কার্লো আনচেলত্তি।

চলতি মৌসুমের শুরুতে পিএসজি ছেড়ে রেয়ালে পাড়ি জমানো এমবাপকে নিয়ে দলটির সমর্থকদের অনেক আশা। কিন্তু প্রত্যাশার ধারেকাছেও এখন পর্যন্ত যেতে পারেননি বিশ্বকাপ জয়ী ফরোয়ার্ড। নতুন ঠিকানায় এখনও যেন নিজেকে মানিয়ে নিতেই ভুগছেন তিনি।

রেয়ালের জার্সিতে সবশেষ ৯ ম্যাচে স্রেফ দুটি গোল করতে পেরেছেন এমবাপে। এই সময়ে স্প্যানিশ দলটিকেও ভুগতে দেখা গেছে খুব; চ্যাম্পিয়ন্স লিগে হেরেছে লিল, এসি মিলান ও লিভারপুলের বিপক্ষে এবং এর মাঝে লা লিগায় বার্সেলোনার বিপক্ষে ঘরের মাঠে বিধ্বস্ত হয় তারা।

ম্যাচের পর ম্যাচ অনেক সুযোগ নষ্ট করায় এরই মধ্যে এমবাপেকে নিয়ে শুরু হয়ে গেছে সমালোচনা। যা আরও উচ্চকিত হয়েছে গত বুধবার লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হারের ম্যাচে গুরুত্বপূর্ণ সময়ে পেনাল্টি মিস করায়।

লা লিগায় রোববার গেতাফের মুখোমুখি হবে রেয়াল। আগের দিনের সংবাদ সম্মেলনে এমবাপের ফর্ম নিয়ে প্রশ্নের উত্তরে নিজের ভাবনা জানান আনচেলত্তি।

“এমবাপের সমস্যাটা আমাদের সবার মতোই। (সমস্যা কাটিয়ে উঠতে) এখন মূল কাজ হলো আমাদের সবার সেরাটা বের করে আনার: তার (এমবাপের) থেকে, আমার থেকে, অন্য খেলোয়াড়দের থেকে সেরাটা খুঁজে বের করার।”

“আমরা এটাকে আলাদা একজন খেলোয়াড়ের সমস্যা হিসেবে বিবেচনা করছি না- যে এখানে নতুন, মানিয়ে নিচ্ছে, আটটি গোল করেছে এবং আমাদের আক্রমণভাগে অ্যাসিস্ট করে অংশ নিচ্ছে। আসলে আমরা সবাই আরও ভালো করতে পারি।”

ফর্ম খরায় ভোগা এমবাপেকে নিয়ে একদমই চিন্তিত নন আনচেলত্তি। ভাবনার কোনো কারণও দেখেন না তিনি। 

“(এমবাপে) হতাশ নয়, সে জানে তাকে আরও ভালো করতে হবে। আমার অনেক খেলোয়াড়ই পেনাল্টি মিস করেছে। সামনেও তাদেরকে আমাদের সমর্থন ও সহযোগিতা করতে হবে। এটা (দলের ব্যর্থতা) সমষ্টিগত সমস্যা, একজনের সমস্যা নয়।”

মাঠের পারফরম্যান্স সন্তোষজনক না হলেও লা লিগায় শিরোপার লড়াইয়ে এখনও ভালোভাবেই আছে রেয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে কেবল ৪ পয়েন্টে, ম্যাচও একটি কম খেলেছে মাদ্রিদের দলটি।