দলকে ক্ষুরধার করতে বিরতিতে কী বলেছিলেন আনচেলত্তি
যে কারণে কোচ কার্লো আনচেলত্তির খুশির শেষ নেই, বললেন বিশ্বকাপে এটাই এখন পর্যন্ত তাদের সেরা ম্যাচ।
জাপানের রক্ষণ-দুর্গ ভাঙতে প্রথমার্ধে কিছুই করতে পারেনি ভিনিসিউস জুনিয়র ও মাতেউস কুইয়ারা। বরং তাদের ধারহীন আর অগোছালো আক্রমণগুলো কেবল হতাশাই বাড়ায়। সঙ্গে একটি গোলও হজম করতে হয়। সেই দলই বিরতির পর আমূল বদলে যায়। চরম ভোগান্তির পর, কাঙ্ক্ষিত জয় পাওয়ায় যেন খুশির শেষ নেই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির।
হিউস্টনে সোমবার প্রথমার্ধে পজেশন রাখায় আর গোলের জন্য শটের হিসেবে ব্রাজিল এগিয়ে থাকলেও, সার্বিক লড়াইয়ের বিবেচনায় এই সময়ে দারুণ আত্মবিশ্বাসী পারফর্ম করে জাপান। কাইশু সানোর ২৯তম মিনিটের চমৎকার গোলে এগিয়েও যায় তারা।
পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নেমেই আপন রূপে ফেরার আভাস দেয় ব্রাজিল। কয়েক মিনিটের ঝড়ে দুটি সুবর্ণ সুযোগ হাতছাড়ার করার মাঝে, ৫৬তম মিনিটে সমতাসূচক গোলও পেয়ে যায় তারা। এরপর চলতে থাকে আপ্রাণ চেষ্টা। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অবশেষে, যোগ করা সময়ের শেষ দিকে দলকে জয়ের আনন্দে ভাসান মাতেউস কুইয়ার বদলি গাব্রিয়েল মার্তিনেল্লি। ২-১ গোলের জয়ে শেষ ষোলোয় পৌঁছে যায় ব্রাজিল।
শুরু থেকেই সোজাসুজি আক্রমণে উঠতে দেখা ব্রাজিলকে, যা ভেস্তে যাচ্ছিল জাপানের দেয়ালে। তাই বিরতির পর নতুন কৌশল নেয় দলটি, ডি-বক্সে ক্রস বাড়ানোর চেষ্টা করতে থাকে। প্রথম গোলটি সেই কৌশলেরই ফল; গাব্রিয়েল মাগালাইসের ক্রসে হেডে গোলটি করেন কাসেমিরো। সেখান থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিতে শুরু করে তারা।
এত ভোগান্তির ম্যাচে, কোণঠাসা অবস্থা থেকে কৌশল বদলে জয় পাওয়ার কারণেই বেশি আনন্দ হচ্ছে আনচেলত্তির।
“(বিশ্বকাপে) এটাই আমাদের সবচেয়ে পরিপূর্ণ পারফরম্যান্স। প্রথমার্ধে আমাদের ভুগতে হয়েছে, কারণ জাপান ভালোভাবে রক্ষণ সামলাচ্ছিল, আমাদের (আক্রমণের) জন্য কোনো জায়গাই দিচ্ছিল না।”
“দ্বিতীয়ার্ধে আমরা সেই বাধা কাটিয়ে উঠি, কিছু জায়গা পাই এবং ক্রস বাড়াতে থাকি। নিশ্চিতভাবেই, এটা (কৌশলের) বড় উন্নতি।”
খুব কঠিন পরিস্থিতিতে পড়েও দিক না হারানোর ফলই পেয়েছে ব্রাজিল, বড় মঞ্চে যা অনেকদিন দেখা যায়নি তাদের পারফরম্যান্সে। পরিসংখ্যানেও এর প্রমাণ মেলে। ২০০২ আসরে ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে ২-১ গোলে জয়ের পর, এই প্রথম বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে পিছিয়ে পড়েও জিতল তারা।
এজন্যই প্রয়োজন ছিল ধৈর্য ধরার আর কোচের নতুন কৌশল সঠিকভাবে প্রয়োগ করার। দলকে উদ্বুদ্ধ করতে বিরতির সময় কী বলেছিলেন খেলোয়াড়দের, ম্যাচ শেষে সেটাও জানালেন আনচেলত্তি।
“প্রথমার্ধে, আমি ছেলেদের ধৈর্য ধরতে বলেছিলাম, কারণ আমরা গোল করবই। তবে আমাদের নিজেদের পজিশন ধরে রাখতে হতো যেন পরে আরও পিছিয়ে না পড়ি।”
“জাপান খুব শক্তিশালী দল, খুবই সুসংগঠিত, তারা বিপজ্জনক সুযোগ তৈরি করেছে এবং রক্ষণে জমাট থেকেছে।”
ভীষণ কঠিন লড়াইয়ে জিতে এবার শেষ ষোলোর জন্য প্রস্তুত হতে হবে রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তারা খেলবে নরওয়ে কিংবা আইভরি কোস্টের বিপক্ষে।
