২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮৯ বছর বয়সে ইউরোর স্বেচ্ছাসেবক!

জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ বিশ্বকাপেও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন রেইনার স্প্যানকাস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2024, 08:25 PM

Updated : 26 Aug 2026, 09:51 AM

ইতালির জালে বল পাঠিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গোলদাতা হয়ে গেছেন ক্রোয়েশিয়ার ৩৮ বছর বয়সী লুকা মদ্রিচ, ৪১ বছর বয়সে পর্তুগালের রক্ষণ সামলাচ্ছেন পেপে। মহাদেশীয় টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড়ের রেকর্ড এই ডিফেন্ডারের, টানা ছয়টি ইউরোয় খেলছেন তার সতীর্থ ৩৯ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনালদো-তবে বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে সামনে এগিয়ে চলার প্রশ্নে এবারের আসরের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ স্বেচ্ছাসেবকের ধারেকাছেও নেই তাদের কেউ।   

রেইনার স্প্যানকাস, ৮৯ বছর বয়সে জার্মানি আসরে স্বেচ্ছাসেবকের কাজ করছেন তিনি। লাইপজিগ স্টেডিয়ামে দর্শকদের তাদের আসনে যেতে সাহায্য করেন তিনি৷

বার্তা সংস্থা রয়টার্সকে স্প্যানকাস বললেন, ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত বিশ্বকাপেও স্বেচ্ছাসেবকের কাজ করেছেন তিনি। 

“আমি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করি ২০০৬ সালে, লাইপজিগে বিশ্বকাপে। আমার যখন অবসরের সময় হয়েছিল, তখন একটি চাকরি করতে চেয়েছিলাম, ব্যস্ত থাকতে চেয়েছিলাম, ঘুরে বেড়াতে এবং মানুষের মধ্যে থাকতে চেয়েছিলাম। আর আজ দেখুন, আমি এখানে।”

তখন থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন স্প্যানকাস, লাস ভেগাসে একটি টেবিল টেনিস টুর্নামেন্টেও স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন তিনি, এই খেলাটি তিনি নিজেও খেলেন। 

“২০০৬ সাল থেকে প্রায় প্রতি বছর আমি এই ইভেন্টগুলোতে কাজ করছি, বছরে ছয় থেকে সাতটি ইভেন্ট। আমি এখনও লাইপজিগে আছি…অ্যাওয়ে ম্যাচে বাস ভ্রমণের একজন সঙ্গী আমি।”

“সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ, দর্শকদের সঙ্গে সংযোগ। এটাই নিজেকে উজ্জীবিত করে এবং আমার চমৎকার অভিজ্ঞতা আছে।”

আগামী অগাস্টে ৯০ বছরে পা দেবেন স্প্যানকাস। তার মতে, ২০০৬ বিশ্বকাপের চেয়েও বেশি উপভোগ্য হচ্ছে এবারের ইউরো।

“আবহটা ২০০৬ সালের চেয়েও ভালো। ডাচরা এখানে যা করেছে, ফরাসিরাও তাই করেছে। শুরুতে বৃষ্টি হওয়া সত্ত্বেও আবহটা সত্যিই ভালো ছিল। স্থানীয়দের উন্মাদনাও দারুণ। জার্মান দল যত ভালো করবে, ততই তা বাড়বে।”

দুই জয় ও এক ড্রয়ে গ্রুপ সেরা হয়ে শেষ ষোলোয় উঠেছে জার্মানি।