২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বার্সেলোনাকে ভালোবাসি, ছেড়ে যাওয়া অসম্ভব’

অন্য ক্লাবের প্রস্তাব বা আগ্রহের ব্যাপারে বার্সেলোনার কেউ তাকে কিছু বলেনি বলে জানালেন লামিনে ইয়ামাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2025, 09:02 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

মাস চারেক আগে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা বলেছিলেন, দলবদলের বাজারে রেকর্ড গড়ে লামিনে ইয়ামালকে পেতে চেয়েছিল একটি ক্লাব এবং সেই প্রস্তাব ফিরিয়ে দেন তারা। তবে, এ বিষয়ে বার্সেলোনার কেউ তাকে কিছু বলেনি বলে জানালেন ইয়ামাল। একই সঙ্গে স্পষ্ট করে বললেন, প্রিয় এই ক্লাব ছাড়ার কথা কল্পনাও করেন না তিনি।       

গত অক্টোবরে লাপোর্তা দাবি করেন, ইয়ামালের জন্য একটি ক্লাবের ২৭ কোটি ডলারের প্রস্তাবে রাজি হননি তারা। তখন সেই ক্লাবের নাম তিনি জানাননি। পরে বার্সেলোনার কর্মকর্তা এনরিক মাসিপ বলেন, সবশেষ গ্রীষ্মের দলবদলে ফরাসি ক্লাব পিএসজি দিয়েছিল ওই লোভনীয় প্রস্তাব।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোতে বুধবার প্রকাশিত সাক্ষাৎকারে ইয়ামালের কাছে জানতে চাওয়া হয়েছিল পিএসজির প্রস্তাবের বিষয়ে। তরুণ স্প্যানিশ উইঙ্গার জানান, বার্সেলোনার কারও কাছ থেকে এ ব্যাপারে তিনি কিছু শোনেননি।

“বিষয়টি সম্পর্কে আমি কিছু জানি না। যদি আমার ক্যাম্পের কেউ তা শুনে থাকে, তারপরও তারা আমাকে বলত না। কারণ প্রথমত, এখানে আমার চুক্তি আছে, আর আমার কাছে অন্য ক্লাবে যাওয়া অসম্ভব।”

সাত বছর বয়সে বার্সেলোনার একাডেমিতে যোগ দেওয়া ইয়ামাল এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল তরুণ প্রতিভাদের একজন। মাত্র ১৫ বছর বয়সে মূল দলের হয়ে অভিষেক হয় তার। এখন ১৭ বছর বয়সেই ক্লাব ও জাতীয় দলের অপরিহার্য অংশ হয়ে উঠেছেন তিনি।

বার্সেলোনার সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালে। এর আগে ইএসপিএন-এর প্রতিবেদনে বলা হয়, ১৮ বছর পূর্ণ হওয়ার পর চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়াতে মৌখিকভাবে রাজি হয়েছেন তিনি।

“এই ক্লাবটিকে আমি কতটা ভালোবাসি, তা নিয়ে কারও সন্দেহ আছে বলে আমার মনে হয় না। আমার অভিষেকের পর থেকে অনেক কিছু বলেছি এবং শেষ পর্যন্ত সবকিছুর সমাধান হয়ে যাবে। যদি উভয় পক্ষই কোনো কিছু চায়, তাহলে তা হবে। জুলাই মাসে, (যখন তিনি ১৮ বছর বয়সী হবেন এবং দীর্ঘমেয়াদী চুক্তিতে সই করতে পারবেন) যখন পরবর্তী মৌসুম শুরু হবে, তখন সবকিছু সমাধান হয়ে যাবে এবং সবাই তা দেখতে পাবে।”

“তবে এই মুহূর্তে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ ও কোপা দেল রেতে মনোযোগ দিচ্ছি আমি।”

চলতি মৌসুমে এরই মধ্যে স্প্যানিশ সুপার কাপ জেতা বার্সেলোনা লা লিগায় আছে শীর্ষে। কোপা দেল রেতে পৌঁছে গেছে সেমি-ফাইনালে। আর নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে হান্সি ফ্লিকের দল।