Published : 30 Jun 2026, 05:35 PM
গত দুই বিশ্বকাপের ফাইনালিস্ট ফ্রান্স এবারও ছুটছে দুর্বার গতিতে। উত্তর আমেরিকা আসরেও তাদেরকে ফেভারিটদের একটি মনে করা হচ্ছে। নকআউট পর্বের প্রথম ধাপে সেই দলটিরই মুখোমুখি হবে সুইডেন। সব বিভাগে শক্তিশালী ফরাসিদের হারাতে ‘জীবনের সেরা ফুটবল’ খেলার বিকল্প দেখেন না সুইডিশদের কোচ গ্রাহাম পটার।
নিউ ইয়র্কে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত তিনটায় মাঠের লড়াইয়ে নামবে ফ্রান্স ও সুইডেন।
২০১৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স চার বছর আগে ধরে রাখতে পারেনি শিরোপা। ফাইনালে টাইব্রেকারে হেরে যায় তারা আর্জেন্টিনার কাছে। শিরোপা পুনরুদ্ধারের দৌড়ে এবার এখন পর্যন্ত অপ্রতিরোধ্য তারা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই জিতে খেলতে নামবে শেষ বত্রিশে।
সুইডেনের গল্পটা আবার ভিন্ন। এবারের বিশ্বকাপে তাদের খেলাই একটা সময় ঝুলছিল অনিশ্চয়তার সুতোয়। প্লে-অফের বৈতরণী পার হয়ে বিশ্ব মঞ্চে খেলছে তারা।
বিশ্বকাপেও তাদের পথচলা মসৃণ নয়। তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে আসরে দুর্দান্ত শুরু করা দলটি পরের ম্যাচেই একই ব্যবধানে বিধ্বস্ত হয় নেদারল্যান্ডসের কাছে। শেষ গ্রুপ ম্যাচে গুরুত্বপূর্ণ লড়াইয়ে জাপানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে, তৃতীয় সেরা আটটি দলের একটি হিসেবে নকআউট পর্বের টিকেট পায় সুইডেন।
দুই দলের আসছে লড়াইয়ে স্বাভাবিকভাবেই ফেভারিট ফ্রান্স। সুইডিশ গ্রেট জ্লাতান ইব্রাহিমোভিচ তো বলেই দিয়েছেন কিলিয়ান এমবাপের নেতৃত্বাধীন ফ্রান্সকে হারানো প্রায় অসম্ভব। ‘আন্ডারডগ’ তকমা নিয়ে মাঠে নামতে ‘আপত্তি নেই’ সুইডেনেরও।
দলটির কোচ পটারও ভালো করেই জানেন, ফরাসিদের রুখতে হলে তার দলকে অবিশ্বাস্য বিশেষ কিছু করে দেখাতে হবে।
“আমাদের যতটা সম্ভব নিখুঁত ফুটবল খেলতে হবে। আমরা প্রতিপক্ষের মান সম্পর্কে জানি। তাদের সামর্থ্যের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে।”
ফ্রান্সের বিপক্ষে একাদশ নিয়ে মুখ খোলেননি পটার। প্রতিপক্ষের রক্ষণভাগের কোনো দুর্বলতা চোখে পড়েছে কি না—এমন প্রশ্নে চেলসি এবং ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের সাবেক এই কোচ ফরাসিদের কোনো খামতি থাকার বিষয়টি একবাক্যে উড়িয়ে দেন।
“আমি নিশ্চিত নই, ফ্রান্স দলকে বর্ণনা করার জন্য দুর্বলতা উপযুক্ত কোনো শব্দ কিনা। তারা সব দিকেই মানসম্মত। জীবনের সেরা ম্যাচটি খেলতে হবে আমাদের।”