সালাহর সঙ্গে মুখোমুখি আলোচনার জন্য তৈরি স্লট
লিভারপুল কোচ বলেছেন, মোহামেদ সালাহ দল ছাড়ুক, এটা চাওয়ার কোনো কারণ তার নেই।
লিভারপুলে মোহামেদ সালাহর ভবিষ্যৎ কেমন হতে পারে, তার একটা আভাস পাওয়া যেতে পারে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচে। এর আগে মিশরের তারকা ফরোয়ার্ডের সঙ্গে মুখোমুখি কথা বলার প্রস্তুতি নিচ্ছেন আর্না স্লট। লিভারপুল কোচ বলেছেন, সালাহ দল ছাড়ুক, এটা চাওয়ার কোনো কারণ নেই।
গত সপ্তাহে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্রয়ের পর সালাহর বিস্ফোরক মন্তব্যে লিভারপুলে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জাগে। পরে গত মঙ্গলবার ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি।
ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ব্রাইটনের মুখোমুখি হবে লিভারপুল। এর আগের দিন সংবাদ সম্মেলনে যথারীতি এলো সালাহর প্রসঙ্গ। সেখানেই নিজের অবস্থান পরিষ্কার করেন স্লট।
“আজ সকালেই মোর সঙ্গে আমার আলোচনা হবে। আগামীকাল পরিস্থিতি কেমন দাঁড়াবে, সেটা এই আলোচনার ফলের ওপর নির্ভর করবে।”
ইংলিশ চ্যাম্পিয়নদের হয়ে সালাহ খেলা চালিয়ে যাক, চান কিনা জানতে চাইলে স্লট বলেন, “এমন কোনো কারণ নেই যে, আমি চাইব সে না থাকুক।”
বারবার প্রশ্ন করা হলেও সালাহর ভবিষ্যৎ নিয়ে অবশ্য কোনো নিশ্চয়তা দেননি স্লট।
“আমার মনে হয়, পরেরবার যখন আমি মোর ব্যাপারে কথা বলব, সেটা তার সঙ্গেই, এখানে নয়। আপনারা চেষ্টা চালিয়ে যেতে পারেন; কিন্তু এ নিয়ে আর কিছু বলার নেই। (গত ৪ ডিসেম্বর) সান্ডারল্যান্ড ম্যাচের পর তার প্রতিনিধি দল ও আমাদের, তার ও আমার মধ্যে অনেক আলোচনা হয়েছে।”
একটা ব্যাপার অবশ্য পরিষ্কার করলেন স্লট, মিলান সফরে সালাহকে না নেওয়া ছিল ক্লাবের সিদ্ধান্ত।
২০২৪-২৫ মৌসুম দুর্দান্ত কাটানো সালাহ ভুগছেন এবার। আফ্রিকান কাপ অব নেশন্সে খেলার জন্য সোমবার ইংল্যান্ড ছাড়বেন তিনি।
সৌদি আরবের প্রো লিগ সালাহর ব্যাপারে আগ্রহী। গণমাধ্যমে যে খবর আসছে তাতে, লিভারপুলে অভিজ্ঞ ফরোয়ার্ডের অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিতই মিলছে।
১৫ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে দশম স্থানে আছে লিভারপুল। ৩৩ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল।
