২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যালারিতে দর্শকের ঢল, ভেতরে উৎসব, বাইরে প্রতিবাদ, মাঠে গোলশূন্য ড্র

বিশ্বকাপের জন্য প্রায় দুই বছর ধরে সংস্কারে পর ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামের নতুন শুরুতে মেক্সিকোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে রোনালদোবিহীন পর্তুগাল।

গ্যালারিতে দর্শকের ঢল, ভেতরে উৎসব, বাইরে প্রতিবাদ, মাঠে গোলশূন্য ড্র
আসতেকার গ্যালারিতে ছিল উৎসবের আবহ। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2026, 11:26 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

ম্যাচ শুরুর অনেক আগে থেকেই মাঠের বাইরে দেখা গেল লম্বা লাইন। ক্রমে তা দীর্ঘ হতে থাকল। খেলা শুরু হতে হতে গ্যালারিতে জমে উঠল ভিড়। নিরাপত্তার চরম কড়াকড়িতে মাঠে ঢুকতে অনেকেরই সময় লেগে গেল অনেকটা। মাঠের পাশেপাশে ও শহরের নানা জায়গায় প্রতিবাদ মিছিল ও মানববন্ধন হলো। খেলা শুরুর আগে গ্যালারিতে দুর্ঘটনায় একজনের মৃত্যুর ঘটনাও ঘটল। তবে শেষ পর্যন্ত উৎসবের আমেজটাই দেখা গেল বেশি।

মেক্সিকো সিটিতে ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামের বহু প্রতীক্ষিত পুনঃউদ্বোধনে ঢল নামে দর্শকদের। নানা ঘটনা প্রবাহের স্রোতে শেষ পর্যন্ত বিশ্বকাপের আমেজই ছড়িয়ে পড়ল সবচেয়ে বেশি।

মাঠের ফুটবলে উত্তেজনা বা ঘটনার ঘনঘটা খুব বেশি ছিল না। রোনালদোবিহীন পর্তুগালের সঙ্গে গোলশূন্য ড্র করে মেক্সিকো।

ম্যাচের মূল উপলক্ষ ছিল আসতেকা স্টেডিয়ামের নতুন শুরু। ফুটবলবিশ্বের সবচেয়ে বিখ্যাত ও আইকনিক স্টেডিয়ামগুলোর একটি এটি, নাম পরিবর্তন করে এখন পরিচিত বানোর্তে স্টেডিয়াম নামে। বিশ্বকাপের জন্য  প্রায় দুই বছর ধরে সংস্কারের পর এই ম্যাচ দিয়ে আবার শুরু হলো এই মাঠের পথচলা।

আসতেকা স্টেডিয়ামের নাম এখন বানোর্তে স্টেডিয়াম। ছবি: রয়টার্স।

আসতেকা স্টেডিয়ামের নাম এখন বানোর্তে স্টেডিয়াম

অনেক ইতিহাসের স্বাক্ষী মাঠ এটি। এখানেই ১৯৭০ বিশ্বকাপের ফাইনালে ইতালিকে বিধ্বস্ত করে জুলে রিমে ট্রফি নিজেদের করে নেয় ব্রাজিল। প্রথম স্টেডিয়াম হিসেবে দুটি বিশ্বকাপের ফাইনাল হয়েছে এখানে। বিশ্বের একমাত্র মাঠ এটি, যেখানে বিশ্বকাপের ম্যাচ খেলেছেন পেলে ও দিয়েগো মারাদোনার দুজনই। মারাদোনার ‘হ্যান্ড অব গড’ গোলের জন্মও এখানে। ১৯৭০ বিশ্বকাপে ইতালি ও পশ্চিম জার্মানির সেমি-ফাইনাল, যেটিকে মনে করা হয় শতাব্দীর সেরা ম্যাচ, সেটির ভেন্যুও এই মাঠ। 

১৯৬৮ সালে মেক্সিকো ও ব্রাজিলের এক ম্যাচে এখানে দর্শক হয়েছিল প্রায় ১ লাখ ২০ হাজার। ১৯৯৩ সালে এখানে হুলিও সেসার চ্যাভেজ ও গ্রেগ হাউগেনের বক্সিং ম্যাচ দেখেছেন ১ লাখ ৩২ হাজারের বেশি দর্শক।

এবারের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ও ম্যাচ হবে এই মাঠেই। সেজন্যই লম্বা সময় ধরে সংস্কার করা হয়েছে মাঠের। গর্বের স্টেডিয়ামের পুনর্যাত্রায় মেক্সিকানরা ভিড় জমান দলে দলে।

মেক্সিকান ভক্ত মারিলুলি কুয়েস্তা রয়টার্সকে বলেন, “আমরা পুয়েবলা থেকে এসেছি এবং স্টেডিয়ামটি দেখতে ও বিশ্বকাপের আবহ অনুভব করতে আমরা সত্যিই খুব রোমাঞ্চিত। তিনি আরও যোগ করেন যে, কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও পুরো ব্যাপারটি খুব ভালোভাবে আয়োজন করা হয়েছে।

রাস্তা বন্ধ থাকা এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার কারণে মাঠের গেট পর্যন্ত পৌঁছতে অনেকটা পথ হাঁটতে হয়েছে দর্শকদের। কিন্তু অনেকেই বলেছেন যে এত বড় মাপের একটি আয়োজনের জন্য এই ব্যবস্থাগুলো প্রত্যাশিতই।  

পরিবারের সঙ্গে আসা ৪০ বছর বয়সী ব্যবসায়ী লুইস কামারেনা বলেন, “আমরা প্রায় এক কিলোমিটার হেঁটেছি, কিন্তু পুরো পথটাই খুব নিরাপদ মনে হয়েছে। বাচ্চাদের নিয়ে জাতীয় দলের খেলা দেখতে এখানে আসতে পেরে আমরা খুবই খুশি।”

তবে সেই উৎসবের আমেজটা সবার মধ্যে ছিল না।

বিক্ষোভকারীরা স্টেডিয়ামের কাছে একটি প্রধান মহাসড়কে বিক্ষোভ প্রদর্শন করে, সেটিকে একটি অস্থায়ী ফুটবল মাঠে পরিণত করে। তাদের দাবি, ওই এলাকায় আবাসন ব্যবস্থা, পানি, পরিবহন এবং বিদ্যুতের ঘাটতি রয়েছে। সেসব দিকে নজর দেননি কর্তৃপক্ষ। 

মাঠের বাইরে ও শহরের নানা জায়গায় ছিল প্রতিবাদ। ছবি: রয়টার্স।

মাঠের বাইরে ও শহরের নানা জায়গায় ছিল প্রতিবাদ

স্টেডিয়ামের ভেতরে উৎসবমুখর পরিবেশটি ম্লান হয়ে যায় খেলা শুরুর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায়। কর্তৃপক্ষ জানায়, বক্স সিট এলাকা থেকে পড়ে এক ব্যক্তি মারা গেছে। তিনি মাতাল ছিলেন বলেও দাবি করেন নিরাপত্তাকর্মীরা। 

স্টেডিয়ামের নতুন শুরুর দিনে কিছু প্রাথমিক সমস্যাও ছিল। স্টেডিয়ামের সাম্প্রতিক সংস্কারের কারণে প্রবেশপথ নিয়ে বিভ্রান্তিতে পড়েন সমর্থকদের অনেকের। পার্কিং ব্যবস্থাপনায় উন্নতির জায়গা দেখছেন অনেকে।

১৮ বছর বয়সী ছাত্র কারিমে গন্সালেন বলেন, “কোন গেট ব্যবহার করতে হবে, সে বিষয়ে কর্মীরা নিজেরাও ঠিক নিশ্চিত ছিলেন না, আমাদেরকে বারবার ফিরে আসতে হচ্ছিল। আমরা যদি এত সময় হাতে রেখে না আসতাম, তাহলে সমস্যা হতে পারত। দর্শকেরাই পরস্পরকে পথ খুঁজে পেতে সাহায্য করছে, মনে হচ্ছে যেন বিশ্বকাপের মহড়া চলছে।”

মাঠের লড়াইয়ে নাটকীয় কিছু খুব একটা দেখা যায়নি। ১৪তম মিনিটে পর্তুগালের জোয়াও ফেলিক্স সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি। প্রথমার্ধের মাঝামাঝি নাগাদ গন্সালো রামোসের প্রচেষ্টা বাধাপ্রাপ্ত হয় পোস্টে। 

মাঠের নতুন যাত্রায় ছিল উৎসবের আমেজ। ছবি: রয়টার্স।

মাঠের নতুন যাত্রায় ছিল উৎসবের আমেজ

দুই অর্ধেই মাঠে বেশি দাপট ছিল পর্তুগিজদের। তবে আসল কাজটি তারা করতে পারেননি। ব্রুনো ফের্নানেন্দেসের শট একটুর জন্য বাইরে যায় দ্বিতীয়ার্ধে। শেষ দিকে নাটকীয় জয়ের একটি সুযোগ তৈরি হয়েছিল মেক্সিকোর। তবে ফরোর্য়া আরমান্দো গন্সালেসের হেড বাইরে চলে যায়।

 মেক্সিকোর খেলায় হতাশ হয়ে শেষদিকে দুয়ো দেন দর্শকদের একটি অংশ।

মঙ্গলবার আরেকটি প্রীতি ম্যাচে মেক্সিকো লড়বে বেলজিয়ামের বিপক্ষে, একই দিনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে পর্তুগাল।