১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘যোদ্ধা’ গিমারাইসকে পেয়ে নতুন স্ফুলিঙ্গের আশায় আর্তেতা

আর্সেনাল কোচের বিশ্বাস, তার দলের প্রত্যেককে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবেন ব্রাজিলের এই মিডফিল্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2026, 01:56 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

তারকা সমৃদ্ধ স্কোয়াড। মাঝমাঠেও আলোর অভাব নেই। তারপরও ব্রুনো গিমারাইসকে পেয়ে রোমাঞ্চিত মিকেল আর্তেতা। আর্সেনাল কোচের বিশ্বাস, তার দলে ভিন্ন কিছুর স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেবেন ব্রাজিলের এই মিডফিল্ডার। 

সাড়ে সাত কোটি পাউন্ডে নিউক্যাসল ইউনাইটেড থেকে এবার আর্সেনালে পাড়ি জমিয়েছেন গিমারাইস। ২৮ বছর বয়সী তারকার সঙ্গে ইংলিশ চ্যাম্পিয়নদের চুক্তি চার বছরের। 

ঘরের মাঠে রোববার এমিরেটস কাপে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের আগে সমর্থকদের সামনে উপস্থাপন করা হয় আর্সেনালের নতুন সংযোজনকে। দর্শকেরাও তুমুল করতালি আর উল্লাসে স্বাগত জানায় নতুন তারকাকে।

২২ বছরের খরা কাটিয়ে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী আর্সেনালের মাঝমাঠে আগে থেকেই আছেন ডেক্লান রাইস, মার্টিন ওদেগোর, মিকেল মেরিনো, মার্তিন সুবিমেন্দি এবং এবেরেচি এজের মতো ফুটবলার। তারপরও গিমারাইসকে পেতে প্রায় মরিয়া ছিলেন আর্তেতা।

ক্লাবের ওয়েসাইটে আর্সেনাল কোচ ব্যাখ্যা করলেন গিমারাইসের প্রতি অনুরাগের কারণ। 

“তাৎক্ষণিক প্রতিক্রিয়াটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার মনে হয়, সে নিজেকে একজন যোদ্ধা হিসেবে উপস্থাপন করে। আমি তাকে এমন এক যোদ্ধা মনে করি, যার মধ্যে অসাধারণ গুণাবলী, অন্তদৃষ্টি, নেতৃত্ব এবং ক্যারিশমা রয়েছে, যা আমাদের সাহায্য করবে এবং দলে সত্যিই এক ভিন্ন কিছুর স্ফুলিঙ্গ জ্বালিয়ে দেবে।

আমার মনে হয়, সে দলের প্রত্যেককে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে এবং আমাদের ঠিক এই ধরনের ফুটবলারই প্রয়োজন।”

বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচটিতে অবশ্য ৩-২ গোলে হেরে যায় আর্সেনাল। প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে আগের ম্যাচে রেয়াল বেতিসের কাছে হারার পর কোচ বলেছিলেন, গা গরমের ম্যাচ হেরেও তার দলের ফুটবলাররা ফুঁসছেন। 

এবারের এই হারের পর ভালো-মন্দের বিশ্লেষণে তার হতাশার পাল্লাই ভারী। 

“ম্যাচটা হেরে যাওয়ায় আমি হতাশ। আমার মনে হয়, কিছু দুর্বল মুহূর্ত ছিল, যেখানে আমাদের খেলাটা তেমন চেনা যাচ্ছিল না, বিশেষ করে সেট পিস এবং রক্ষণ সামলানো ও সময়জ্ঞানের ক্ষেত্রে, যেগুলোতে আমরা সাধারণত খুবই দক্ষ।

অন্য কিছু, যেমন খুবই ইতিবাচক আক্রমণাত্মক সমন্বয় ছিল, ভালো সুযোগও তৈরি হয়েছিল, কিন্তু চূড়ান্ত পাসের কারণে সেগুলোর কয়েকটি কাজে লাগানো যায়নি, তারা পুরোপুরি অরক্ষিত থাকার পরও। সব মিলিয়ে আমি হতাশ, কারণ যেকোনো পরিস্থিতিতেই ম্যাচ জয় থাকে কাম্য এবং আজ আমরা তা করতে পারিনি।”

আগামী রোববার কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুমের মূল অভিযান শুরু করবে আর্সেনাল। প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখার লড়াই শুরু ২১ অগাস্ট, কভেন্ট্রি সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে।