‘রেয়াল মাদ্রিদের কেউ আমার সঙ্গে কথা বলেনি’
নতুন মৌসুমে রেয়াল মাদ্রিদের ডাগআউটে ফেরার গুঞ্জন নিয়ে নিজের অবস্থান জানালেন বেনফিকা কোচ।
আগামী মৌসুমে রেয়াল মাদ্রিদের ডাগআউটে ফেরার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন জোসে মরিনিয়ো। বেনফিকার কোচ বললেন, ইউরোপের সফলতম ক্লাবটির পক্ষ থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।
২০২৬-২৭ মৌসুমের আগে রেয়াল নতুন কোচ নিয়োগ দেবে বলে গুঞ্জন চলছে বেশ কিছুদিন ধরে। সেখানেই জোরেশোরে উঠে আসছে মরিনিয়োর নাম। বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হচ্ছে, কোচিং পেশায় অভিজ্ঞতায় টইটুম্বুর এই পর্তুগিজ কোচকে পছন্দের তালিকায় সবার ওপরে রেখেছেন রেয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস।
বিষয়টি নিয়ে গত মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে নিশ্চুপ ছিলেন মরিনিয়ো। শুক্রবার সংবাদ সম্মেলনে যখন জানতে চাওয়া হয়, রেয়ালের সঙ্গে তার যোগাযোগ হয়েছে কি না, তখন নিজের অবস্থান পরিষ্কার করেন ৬৩ বছর বয়সী কোচ।
“না, রেয়াল মাদ্রিদের কেউ আমার সঙ্গে কথা বলেনি, এটা আপনাদের নিশ্চিত করে বলতে পারি। ফুটবলের সঙ্গে বহু বছর ধরে আছি আমি, ঠিক যেমন আপনারা সাংবাদিকতায়। এসবের সঙ্গে আমরা অভ্যস্ত, কিন্তু রেয়াল মাদ্রিদের পক্ষ থেকে কিছুই আসেনি।”
“বেনফিকার সঙ্গে আমার চুক্তি আরও এক বছর বাকি আছে।”
২০২৭ সালের জুন পর্যন্ত বেনফিকার সঙ্গে চুক্তি আছে মরিনিয়োর। এবারের মৌসুমের পরও ক্লাবটিতে থাকার ইচ্ছার কথা সম্প্রতি জানান তিনি।
২০১৩ সালে রেয়াল মাদ্রিদ ছাড়ার আগে তিন বছরের মেয়াদে ক্লাবটিকে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জিতিয়েছিলেন মরিনিয়ো। দীর্ঘ ২১ বছর আরও অনেক ক্লাবে কাজ করার পর গত সেপ্টেম্বরে বেনফিকায় ফেরেন তিনি।
